শরীয়তপুর প্রতিনিধি , জনতারআদালত.কম । ১১ সেপ্টেম্বর, ২০১৭ ।

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীর ওয়াপদা লঞ্চঘাটে পন্টুন বিচ্ছিন্ন হয়ে তিনটি লঞ্চডুবির ঘটনা ঘটেছে। এ সময় একজনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ২০ জন।
সোমবার সকাল ৭টার দিকে তীব্র স্রোত ও ভাঙনে নোঙর করা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) তিনটি লঞ্চ ডুবে যায়।
স্থানীয়রা জানায়, গতকাল রবিবার রাতে ঢাকা ও নারায়গঞ্জ থেকে ছেড়ে আসে এমভি মৌচাক-২ ও মহানগর নামে দুটি লঞ্চ। লঞ্চ দুটি আজ সোমবার ভোর সাড়ে চারটায় ওয়াবদা ঘাটে নোঙর করে। এ সময় অধিকাংশ যাত্রী নেমে যায়।
এছাড়া নড়িয়া-২ নামে একটি লঞ্চ আগে থেকেই ঘাটে বাধা ছিল। ভোর ৫টার দিকে আকস্মিকভাবে পদ্মার পারের একটি বিড়াট অংশ নদীতে ভেঙে পড়ে। এ সময় পানির তোরে দুইটি লঞ্চ ঘটনাস্থলেই তলিয়ে যায়। এমভি মৌচাক লঞ্চটি উল্টে গিয়ে ভাসতে ভাসতে সুরেস্বরের দিকে চলে গেছে।
ঘটনার পর ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন বলে জানিয়েছেন নড়িয়া থানার ওসি সালাউদ্দিন।


























