spot_img

ঐতিহ্য পুনরুদ্ধারে রাজশাহী চিড়িয়াখানাকে নতুনভাবে সাজানো হবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।  

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, রাজশাহী চিড়িয়াখানাকে পুনরুদ্ধার করে জনগণের প্রত্যাশা অনুযায়ী নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে ঐতিহ্য নষ্ট হয়ে চিড়িয়াখানার অস্তিত্ব প্রায় বিলীন হওয়ার পথে।

তিনি আরো বলেন, এক সময় রাজশাহীর মানুষের বিনোদনের অন্যতম কেন্দ্র ছিল রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা। আমরা আবার তার সেই হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করবো।

তিনি আজ সকালে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা পরিদর্শন শেষে এ কথা বলেন ।

এর আগে, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীকে রাজশাহী চিড়িয়াখানার অভ্যন্তরে পশুপাখির খাঁচা, রাইড সহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখান রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

প্রতিমন্ত্রী আরও বলেন, রাজশাহীর ঐতিহ্যবাহী এই চিড়িয়াখানাকে আধুনিকায়ন করে সাফারি পার্কের আওতায় এনে নতুনভাবে গড়ে তুলতে রাসিক প্রশাসকের  এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পরিদর্শনে এসেছি। খুব শিগগিরই একটি বিশেষজ্ঞ দল পাঠিয়ে প্রয়োজনীয় সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

চিড়িয়াখানার প্রাণীগুলো কোথায় স্থানান্তর করা হয়েছে, তাদের বর্তমান অবস্থা কী এসব বিষয় তদন্ত করে  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে  রাজশাহী সিটি কর্পোরেশন সম্ভাব্য স্থান নির্ধারণ করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, যাতে নিরাপদভাবে মাংস সংরক্ষণ ও বাজারজাতকরণের সুযোগ সৃষ্টি হয়।

নগরীর পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতা নিরসনসহ নগর উন্নয়নে দৃশ্যমান অগ্রগতির কথা উল্লেখ করে রাসিক প্রশাসকের ভূমিকার প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, স্বল্প সময়ের মধ্যে তার নেতৃত্বে এ সাফল্য অর্জিত হয়েছে। রাজশাহীতে ব্যাপক বৃক্ষরোপণসহ নানা উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে। এ উদ্যোগগুলো নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ যাচ্ছেন। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ, খাল খনন, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি, কৃষি ঋণ মওকুফ, ইমামদের সম্মানি প্রদানসহ বিভিন্ন জনকল্যাণমুলক কর্মসূচি বাস্তবায়ন করছে।

বর্তমান সরকারকে ‘জনগণের সরকার’ আখ্যা দিয়ে তিনি বলেন,  জনগণের সরকার স্বল্প সময়ে তাদের কল্যাণে অনেক কাজ করছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে ।

পরিদর্শনকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, জাতীয় চিড়িয়খানার পরিচালক ডা. মো. শাহিনুর আলম, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমসহ ঊর্ধ্বতন অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ