ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৮ নভেম্বর, ২০১৭ ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তাপসী রাবেয়া হলের সামনে থেকে অপহৃত বাংলা বিভাগের ছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর তাকে ঢাকা থেকে রাজশাহী নেওয়া হচ্ছে।
শনিবার বেলা ৩টার দিকে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখার আলম এ তথ্য জানিয়েছেন।
শনিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর মোহাম্মদপুর থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। একই সঙ্গে তার সাবেক স্বামীকে আটক করা হয়েছে।
অপহৃত ওই ছাত্রীকে ফিরিয়ে আনতে আজ বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করছেন শিক্ষার্থীরা। বেলা দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সময় বেঁধে তারা। এর মধ্যে পাওয়া না গেলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে আন্দোলনরত ছাত্রীরা হুমকি দেন। একই সঙ্গে তাঁরা ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ সাত দফা দাবি জানান।
ওই সময় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা সাংবাদিকদের বলেছিলেন, ওই ছাত্রীর সন্ধান পুলিশ পেয়েছে। তাঁকে উদ্ধার করে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, শুক্রবার সকালে রাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের সামনে থেকে মাইক্রোবাসে করে বাংলা বিভাগের চূড়ান্ত বর্ষের ওই ছাত্রীকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়।
তিনি তাপসী রাবেয়া হলের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজি এলাকার।
পরে ওই ছাত্রীর সন্ধান চেয়ে শুক্রবার বিকাল ৪টা থেকে উপাচার্যের বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। সন্ধ্যা ৭টার দিকে তা স্থগিত করা হয়।
এদিকে সন্ধ্যায় নগরীর মতিহার থানায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে অপহরণ মামলা দায়ের করেন।মামলায় ওই ছাত্রীর সাবেক স্বামী সোহেল রানাসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়।পরে রাতে ওই ছাত্রীর শ্বশুর জয়নার আবেদীনকে নওগাঁর পত্নীতলা থেকে আটক করা হয়।


























