ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৭ সেপ্টেম্বর, ২০১৭ ।

রোহিঙ্গাদের প্রতি সহযোগিতার হাত বাড়াতে সকলের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ বলেছেন, মিয়ানমারকে তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে বাধ্য করতে হবে। তবে শুধু মুসলমান নয় বরং মিয়ানমার থেকে আসা হিন্দু রোহিঙ্গাদের প্রতিও সহমর্মিতা দেখানোর আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার রাজধানীর রামকৃষ্ণ মিশনে শারদীয়া দুর্গাপূজা পরিদর্শনকালে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে মুসলিম রোহিঙ্গাদের সঙ্গে অনেক হিন্দুও বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের প্রতিও আমাদের সহমর্মিতা থাকতে হবে। তাদের দুঃখের দিনে পাশে দাঁড়াতে হবে, সহযোগিতার হাত বাড়াতে হবে।
তিনি বলেন, বন্যার কারণে হাওরাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের অনেকে দুর্গোৎসব উদযাপন করতে পারছে না। দুর্গোৎসবের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের সবাইকে উদ্যোগী হতে হবে।
পূজার অনুষ্ঠানে তিনি বলেন, “রোহিঙ্গাদের সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তন ও তাদের নাগরিক অধিকার নিশ্চিত করতে বিশ্বের সকল দেশ ও আন্তর্জাতিক সংস্থাকেও এগিয়ে আসতে হবে। মিয়ানমারকে তাদের নাগরিকদের স্বদেশে ফিরিয়ে নিতে বাধ্য করতে হবে।”
রাষ্ট্রপতি বলেন, বিভিন্ন ধর্মের আচার বা চর্চায় পার্থক্য থাকলেও মূল সূর ধ্বনিত হয় একই চেতনায়। তার মতে, ধর্মে-ধর্মে কোন বৈষম্য নেই। যারা এই সত্য অনুধাবন করতে পারে না তাদের জন্যই বিভেদ দেখা দেয় এবং যার মূল্য দিতে হয় গোটা মানবজাতিকে।


























