রাছেল খান, কুয়ালালামপুর , জনতারআদালত.কম । ১৪ সেপ্টেম্বর, ২০১৭ ।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পবিত্র কোরআন শিক্ষার একটি স্কুলে অগ্নিকাণ্ডে শিক্ষার্থীসহ কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়, ভোরে ‘দারুল কোরআন ইত্তিফাকিয়াহ’ নামে একটি তাহফিজ বোর্ডিং স্কুলে আগুন লাগে। কুয়ালালামপুর ফায়ার সার্ভিসের পরিচালক খিরুদিন ডিরহমান বলেন, ‘আগুনে ২৩ শিক্ষার্থী ও দুই তত্ত্বাবধায়কের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’
তিনি বলেন, তারা ধোঁয়ায় দমবন্ধ হয়ে কিংবা আগুনে আটকা পড়ে মারা যেতে পারে। আমি মনে করি, এটি ছিল গত ২০ বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক অগ্নিকাণ্ড। এ মুহূর্তে আমরা আগুনের কারণ অনুসন্ধানের চেষ্টা করছি।

স্কুলটি টানানো এক বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডে আহত সাতজনকে উদ্ধার করে নিকটতম একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আরও ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এক সংবাদ সম্মেলনে কুয়ালালামপুরের পুলিশ প্রধান আমর সিং জানিয়েছেন, নিহত ছাত্রদের বয়স ১৩ থেকে ১৭ বছরের মধ্যে এবং তারা সম্ভবত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আগুন লাগার পর সাহায্য চেয়ে ছাত্রদের চিৎকার করতে শুনেছেন তারা।
মালয়েশিয়ায় ‘তাহফিজ স্কুল’ নামে পরিচিত প্রতিষ্ঠানগুলো মূলত মাদরাসা। এতে সাধারণত ৫ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা কোরআন শিক্ষা নেয়।


























