রবিউল হাসান লায়ন , জামালপুর ,
জনতারআদালত.কম । ২৯ আগষ্ট, ২০১৭ ।

জামালপুরের শরিফপুর ইউনিয়নের রণরামপুরে মাকে লাঠিপেটা করে হত্যা করেছে ছেলে। পুলিশ নিহত মা হাজেরা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশ ওই বাড়ি থেকে হাজেরা বেগমের ছেলে মনির উদ্দিনকে আটক করেছে।
গ্রামবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, রণরামপুর গ্রামের জালেক আলীর ছেলে রাজমিস্ত্রি মনির উদ্দিন দিনের কাজ শেষে রাত নয়টার দিকে বাড়ি ফিরে মায়ের কাছে ভাত খেতে চান। ভাত দিতে দেরি হওয়ায় রাগ করে তিনি তার মা হাজেরা বেগমের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার বয়স আনুমানিক ৪৫ বছর। এ ঘটনা জানাজানি হলে উৎসুক প্রতিবেশীরা তাদের বাড়িতে ভিড় করেন। খবর পেয়ে জামালপুর সদর থানার একদল পুলিশ রাতেই ঘটনাস্থল হাজেরা বেগমের বাড়িতে যান। পুলিশ তার ঘাতক ছেলে মনির উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যান। হাজেরা বেগমের লাশটিও জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিমুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নিহত হাজেরা বেগমের ছেলে মনির উদ্দিনকে আটক করে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


























