ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম , ২৪ জুলাই, ২০১৭ ।

সীমান্ত সমস্যা নিয়ে চীন, পাকিস্তানের সঙ্গে যখন ছায়াযুদ্ধ চলছে, তখনই ভারতের হাতে অত্যাধুনিক ‘পঞ্চম প্রজন্মে’র মিগ-৩৫ যুদ্ধ বিমান আসার ইঙ্গিত দিল মিত্র রাষ্ট্র রাশিয়া। ভারতকে যুদ্ধ বিমান বিক্রিতে আগ্রহ প্রকাশ করে মিগ কর্পোরেশনের প্রধান জানিয়েছেন, টেন্ডার পাওয়ার ব্যাপারে ভারতীয় বায়ুসেনার সঙ্গে আলোচনা চলছে। প্রসঙ্গত, গত ৫০ বছর ধরে মিগ যুদ্ধ বিমান ব্যবহার করে আসছে ভারত।
গত ২৭ জানুয়ারি মস্কোর ঝুকোভস্কিতে অনুষ্ঠিত হয় যুদ্ধ বিমান প্রদর্শনী। সেখানে মিগ-৩৫ সম্পর্কে খুঁটিনাটি ভালো ভাবে তুলে ধরা হয়। তারপরেই ভারতসহ বিশ্বের অন্যান্য দেশের কাছে তা বিক্রির জন্য প্রচার চালাতে থাকে মিগ। সংস্থার ডিরেক্টর জেনারেল ইল্যা তারাসেঙ্কো বলেছেন, যুদ্ধ বিমানটি বিক্রির জন্য ভারতের কাছে আমরা প্রস্তাব রেখেছি। এবং বিক্রির টেন্ডার পেতে ভারতীয় বায়ুসেনার সঙ্গে আলোচনা চালাচ্ছি। ভারত কি মিগ-৩৫ কিনতে আগ্রহ দেখিয়েছে? তারাসেঙ্কোর জবাব, হ্যাঁ, ওদের আগ্রহ রয়েছে। বিক্রির প্রস্তাবে মিগ কর্পোরেশনের পক্ষ থেকে কী কী বিষয় তুলে ধরা হয়েছে? অধিকর্তা জানিয়েছেন, বর্তমানে আমরা আলোচনায় পর্যায়ে রয়েছি। এবং মিগ-৩৫ ভারতের কী কী কাজে আসতে পারে সে বিষয়ে প্রযুক্তিগত দিকটি যেমন ওড়ার ক্ষমতা, অস্ত্রের লক্ষ্যমাত্রা, প্রতিরক্ষা ব্যবস্থা ইত্যাদি তুলে ধরা হচ্ছে। যেহেতু এটি একদমই নতুন এয়ারক্র্যাফ্ট, তাই ভারতের ঠিক কী চাহিদা এবং কীভাবে তা ব্যবহার করা হবে, তা বুঝতে একটু সময় লাগবে।
ভারতের কাছে মিগ-৩৫ বিক্রির টেন্ডার পাওয়া নিয়ে যে রাশিয়া প্রাণপণ চেষ্টা চালাচ্ছে তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশের ‘ফেডারেল সার্ভিস ফর মিলিটারি অ্যান্ড টেকনিক্যাল কোঅপারেশন’-এর দিমিত্রি শুগায়েব। সংবাদসংস্থা ‘তাস’ তাঁকে উদ্ধৃতি করে জানিয়েছে, ভবিষ্যতে ভারতের টেন্ডারে অংশগ্রহণ করতে আমরা প্রস্তুত। কিন্তু, কবে টেন্ডার খুলছে বা বিমান সম্পর্কে ভারতের প্রযুক্তিগত চাহিদা সম্পর্কে আমরা কিছুই জানতে পারেনি।
মিগ-৩৫-কে মার্কিন সংস্থা লকহিড মার্টিনের এফ-৩৫-এর থেকেও ‘উন্নত’ বলে জানিয়েছেন তারাসেঙ্কো। এবং দামে প্রতিদ্বন্দ্বী বিমান সংস্থার থেকে অনেকটা সংস্থা বলেও জানিয়েছেন তিনি। তারাসেঙ্কোর কথায়, আমরা শুধু বিমানটি বিক্রি করব তা নয়, সঙ্গে তা চালাতে পাইলটদের প্রশিক্ষণ এবং ৪০ বছর পর্যন্ত তার দেখভাল করব। সেকারণেই মিগ-৩৫-এর দাম ২০-২৫ শতাংশ কম পড়বে। বর্তমানে ভারতের হাতে থাকা মিগের মতোই কি এই বিমান ওড়ানো সহজ? জবাবে মিগ-৩৫-এর প্রধান টেস্ট পাইলট মিখাইল বেলায়েভ জানিয়েছেন, মিগ-২৯ ওড়াতে পারলে মিগ-৩৫-ও কঠিন নয়। কারণ, এটাও হালকা বিমান। কিন্তু, লড়াইয়ের ক্ষেত্রে এটা আরও গুরুত্বপূর্ণ এবং জটিল।
মিগ-৩৫ হল রাশিয়ার সবথেকে উন্নত ‘৪++ জেনারেশন’ যুদ্ধ বিমান। যা একসঙ্গে একাধিক কাজ করতে পারে। সম্পূর্ণভাবে রাশিয়াতে তৈরি এটি। বিমান তৈরির প্রকল্পে অংশগ্রহণ করেছে ইউনাইটেড ইঞ্জিন কর্পোরেশন (ইউইসি), কেআরইটি এবং টেকনোদিনামিকা।


























