ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৯ নভেম্বর, ২০১৭ ।

বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বামদলগুলোর ডাকা অর্ধদিবস হরতালে সমর্থন দিয়েছে বিএনপি। আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রতি সপ্তাহে আদালতে হাজিরার নামে হয়রানির অভিযোগ এনে মানববন্ধনটির আয়োজন করে স্বাধীনতা ফোরাম। হরতাল আহ্বানকারী দলগুলো হলে- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক বাম মোর্চা।
মানববন্ধনে রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা মনে করি, জনস্বার্থে এই হরতাল অত্যন্ত যুক্তিসঙ্গত। আগামীকাল বাম দলগুলো যে হরতাল ডেকেছে, আমি বিএনপির পক্ষ থেকে বিএনপি সেই হরতালকে পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে রিজভী বলেন, জনগণের প্রতিরোধে আপনার সব অত্যাচার, নির্যাতন-নিপীড়ন মাটি চাপা দিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে পতাকা উড়বেই। এখন তো ক্ষমতার ঝাড়বাতি কার্পেট দেখছেন কিন্তু আপনার আশপাশে রয়েছে আর্তনাদ। কারণ আপনি যে দলের নেতৃত্ব দিচ্ছেন তারা জনগণের কারাগারে বন্দি।
এ সময় স্বাধীনতা ফোরামের সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমত উল্লাহর সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন বিএনপি নেতা মজিবুর রহমান সারোয়ার, হাবিবুল ইসলাম, এবিএম মোশাররফ হোসেন, শ্যামা ওবায়য়েদ, আব্দুস সালাম, নিপুন রায় প্রমুখ।
এদিকে, আরেকটি সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার সারা দেশে অর্ধদিবস হরতাল শান্তিপূর্ণভাবে পালনের আহ্বান জানিয়েছে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা। বুধবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে বাম মোর্চার সমন্বয়ক সাইফুল হক এ আহ্বান জানান।


























