ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৯ নভেম্বর, ২০১৭ ।

শাজনীন হত্যার আসামি শহিদুলের ফাঁসি দেয়া হয়েছে।
আজ বুধবার রাতে গাজীপুরের কাশিমপুর কারাগারে এ ফাঁসি কার্যকর হয়।রাত ০৯ টা ৪৫ মিনিটে শাজনীন হত্যা মামলার আসামি শহিদুল ইসলাম শহীদের ফাঁসি কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।
রায় কার্যকরকে ঘিরে কারা ফটকের সামনে বিকেল থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। শহীদুল ইসলাম ওরফে শহীদের বাড়ি গোপাল গঞ্জের মকসুদপুর এলাকায়। কাশিমপুর কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, গুলশানে নিহত শাজনীন তাসনিম রহমান হত্যা মামলার আসামি শহীদুল ইসলাম ওরফে শহীদ কারাগারের গত ৫বছর ধরে বন্দি ছিলেন। রিভিউ খারিজের পর তাকে কারাগারের কনডেম সেলে রাখা হয়।
পরে তার মৃত্যু পরোয়ানা কারাগারে এসে পোঁছায় এবং আদালতের রায় কার্যকরের জন্য কারাগারে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রস্তুতি নেয়া হয়। রাত ৯টা ৪৫ মিনিটে কারাগারের জল্লাদ রাজু শহীদের ফাঁসি কার্যকর করেন।
১৯৯৮ সালের ২৩ এপ্রিল রাতে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের মেয়ে শাজনীন তাসনিম রহমান গুলশানে নিজ বাড়িতে খুন হন।
২০০৩ সালের ২ সেপ্টেম্বর ওই ঘটনায় দায়ের করা মামলায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন আদালত রায় ঘোষণা করেন। রায়ে শাজনীনকে ধর্ষণ ও খুনের পরিকল্পনা এবং সহযোগিতার দায়ে ছয় আসামিকে ফাঁসির আদেশ দেয়া হয়।


























