ষ্টাফ রিপোর্টার , জনতারআদালত.কম , ৫ আগষ্ট, ২০১৭ ।

রাজধানীর বনশ্রীর একটি বাসায় গৃহকর্মী লাইলী আক্তারের (২৫) রহস্যজনক মৃত্যু এবং একে কেন্দ্র করে হামলা ও ভাংচুরের ঘটনায় দুটি মামলা করা হয়েছে।
খিলগাঁও থানার ডিউটি অফিসার এসআই মনসুর আহমেদ জানান, শুক্রবার রাতে মামলা দুটি করা হয়। এর মধ্যে একটি হত্যা মামলা এবং অপরটি মামলাটি করা হয়েছে হামলা-ভাঙচুরের ঘটনায়।
তিনি বলেন, আটক বাড়ির মালিক মইন উদ্দিন ও বাড়ির তত্ত্বাবধায়ক টিপুকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এর আগে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু, হামলা ও ভাংচুরের ঘটনায় শুক্রবার পুলিশ বাদী হয়ে একটি মামলা করে।
শুক্রবার সাড়ে ১০টার পর বনশ্রীর বি ব্লকের ৪ নম্বর সড়কে মইন উদ্দিনের বাসা থেকে গৃহকর্মী লাইলীর ঝুলন্ত দেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক।
মইন উদ্দিনের দাবি, লাইলী আত্মহত্যা করেছেন।
অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, লাইলীকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল।
এ মৃত্যুর ঘটনায় দুপুর থেকে দফায় দফায় হামলা-ভাংচুর ও ব্যাপক সংঘর্ষ হয় ওই এলাকায়।
স্থানীয়রা বনশ্রী জি ব্লকের চার নম্বর রোডের ওই সাত তলা বাড়ি প্রায় দুই ঘণ্টা ঘিরে রাখে এবং একটি গাড়ি পুড়িয়ে দেয়। তখন পুলিশের সঙ্গে সংঘর্ষও হয় স্থানীয়দের। এ ঘটনায় পুলিশের মতিঝিল বিভাগের এডিসি সাইফুল ইসলাম, খিলগাঁও থানার ওসি মাইনুল ইসলামসহ অর্ধশত আহত হন।


























