ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৩ আগষ্ট, ২০১৭ ।

বঙ্গোপসাগরে জেলেদের ট্রলারে ডাকাতির পর ৪৫ মাঝিকে অপহরণ করেছে সুন্দরবনের একদল দস্যু ।
গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত বরগুনার পাথরঘাটা থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সুন্দরবনসংলগ্ন নারিকেলবাড়িয়া ও কচিখালী এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় দস্যুদের হামলায় আট জেলে আহত হন। তাদেরকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা চৌধুরী জানান, সুন্দরবনের নারিকেলবাড়িয়া ওকচিখালী এলাকায় বেশকিছু ট্রলার এক সাথে অবস্থান করছিল। এসময় একটি সশস্ত্র ডাকাত দল জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারে থাকা রসদসামগ্রী লুট করার পাশাপাশি অন্তত ৪৫ জন জেলেকে অপহরণ করে মুক্তিপণের জন্য সুন্দরবনের গহীনে নিয়ে যায়।
অপহৃত মাঝিদের মধ্যে এফবি রনি নামের ট্রলারের মাঝি সোহরাব, এফবি মায়ের দোয়া নামের ট্রলারের মাঝি হায়দার ও হানিফা, এফবি মায়ের দোয়া নামের অপর আরেকটি ট্রলারের মাঝি আবদুল হকের নাম জানা গেছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লে. মাহমুদ বলেন, “জেলে অপহরণের খবর শোনার সাথে সাথে অপহৃত জেলেদের উদ্ধারের জন্য অভিযান শুরু করা হয়েছে। সাগরে অবস্থানরত জেলেদের মাছধরা নির্বিঘ্ন করার জন্য টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।


























