স্পোর্টস ডেস্ক, জনতারআদালত.কম , ১৫ জুলাই, ২০১৭ ।

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) দল বরিশাল বুলসের অন্যতম মালিক এম এ আওয়াল চৌধুরী বুলু বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমকে নিয়ে ‘বাজে কথা’ বলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিসিবি। আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ করতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসে চোখের পানি ফেলেছেন মুশফিক।
একাধিক বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাতকারে বিসিবি পরিচালক এবং বরিশাল বুলসের কর্ণধার বুলু মুশফিকুর রহিমের নামে ‘বাজে কথা’ বলেন। মুশফিকের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলেন। তার দাবি, মুশফিক দলের ভেতর গ্রুপিং করেন। তিনি বলেছিলেন, আসন্ন বিপিএলে মুশফিককে নিয়ে আমরা খুব একটা আগ্রহী নই। কারণ সে খুব একটা গোছানো নয়। মুশফিকের অধিনায়কত্ব ও শৃঙ্খলাবোধের অভাব আছে। তাছাড়া গত মৌসুমে আমাদের ফ্রাঞ্চাইজদের নিয়ে সে বাজে মন্তব্য করেছিল।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘একজন টেস্ট ক্যাপ্টেনকে অসম্মান করায় অবশ্যই তাকে ক্ষমা চাইতে হবে। এটি একেবারেই দায়িত্বজ্ঞানহীন মন্তব্য। আমরা ব্যবস্থা নেব। তাঁকে আর্থিক জরিমানাও করা হতে পারে। ’
ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে মুশফিক বলেন, আমার সম্পর্কে কখনো এমন অভিযোগ ওঠেনি। এটা শুধু আমার সঙ্গে হয়েছে। আশা করি আর কারও সঙ্গে হবে না। আমি বিসিবিকে জানিয়েছি, ওনারা ব্যাপারটা দেখবেন। একটা দেশের অধিনায়ক হিসেবে এতদিন সার্ভিস দিচ্ছি, এতটুকু সম্মান তো পেতেই পারি।
মুশফিক এরপর আর কথা বলতে পারেন না। চোখের জল লুকাতে দ্রুত সংবাদ সম্মেলন কক্ষ ত্যাগ করে বেরিয়ে যান।


























