spot_img

জবি শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম , ১৮ জুলাই, ২০১৭ ।

 

উল্টো পথে বাস চালাতে বাধা দেওয়ার জের ধরে পুলিশ সার্জেন্টকে মারধরের ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার মারধরের শিকার ট্রাফিক সার্জেন্ট কায়সার হামিদ রাজধানীর রমনা থানায় এ মামলাটি করেন। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, মামলায় সরকারি কাজে বাধা দেওয়া ও মারধরের অভিযোগ আনা হয়েছে। মামলার বাদী সার্জেন্ট কায়সার নিজেই।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ১৭ জুলাই সোমবার বিকাল ৫ টায় বাংলা মটর ক্রসিংয়ে দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট কাওসার হামিদ। এ সময় রূপসী বাংলা ক্রসিং হতে ফার্মগেট যাওয়ার পথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী ডাবল ডেকার ৩ টি বিআরটিসি বাস বিকাল ৫ টার সময় বাংলা মটর ক্রসিংয়ে এসে পৌঁছায়। পৌঁছানোর পর রাস্তায় ট্রাফিক জ্যাম দেখে ট্রাফিক সিগন্যালের তোয়াক্কা না করে উল্টো দিকে যাওয়ার জন্য ডাবল ডেকার বাসের সামনের অংশ বিপরীত লেনে ঢুকায়।

ওই সময় দায়িত্বরত সার্জেন্ট বাসকে উল্টো পথে না যেয়ে সঠিক পথে যাওয়ার জন্য বলেন। কিন্তু বাস তিনটি উল্টো পথে দাঁড়িয়ে গাড়ি চলাচলের পথ আটকিয়ে রাখে। গাড়ীর চালককে দ্রুত গাড়ি সরিয়ে তাদের সঠিক পথে যাওয়ার জন্য বলতে না বলতে অজ্ঞাতনামা ৩০/৪০ জন ছাত্র ডাক চিৎকার দিয়ে গাড়ি থেকে নেমে সার্জেন্টের সঙ্গে তর্কে লিপ্ত হয় এবং উল্টো পথেই তাদেরকে যেতে দিতে হবে বলে জোরজবরস্তি করতে থাকে।

ঘটনার সময় বাংলা মটর হতে ফার্মগেট পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হলে সার্জেন্ট পুনরায় গাড়ি ৩ টিকে সঠিক পথে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেন। উল্টো পথে তাদেরকে যেতে না দেয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অজ্ঞাতনামা ৩০/৪০ জন ছাত্র সার্জেন্টাকে ঘিরে ধরে এলোপাথারি মারধর শুরু করে এবং পরিহিত ইউনিফর্মের বিভিন্ন অংশ ছিঁড়ে ফেলে। তাৎক্ষণিক সার্জেন্টের চিৎকারে কর্তব্যরত টিআই, সার্জেন্ট ও ট্রাফিক কনস্টেবল এসে উক্ত সার্জেন্টকে ছাত্রদের হাত থেকে উদ্ধার করে তাকে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ