spot_img

ফরহাদ মজহারকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম , ১৮ জুলাই, ২০১৭ ।

 

কবি, সাংবাদিক ও কলামনিস্ট ফরহাদ মজহারকে ফের গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে দুপুর সোয়া ১টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।  আজ মঙ্গলবার সকালের দিকে শ্যামলীর বাসা থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

গত ৩ জুলাই সকালে নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পর নাটকীয়ভাবে যশোরে বাস থেকে ফরহাদ মজহারকে উদ্ধার করে র‌্যাব-পুলিশ। পরদিন সকালে ডিবি কার্যালয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ঢাকার আদালতে নেওয়া হয়। সেখানে জবানবন্দিতে তিনি বলেন, তাকে অপহরণ করে খুলনায় নেওয়া হয়েছিল। অপহরণকারীরা তার কাছ থেকে ৩৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল।

এই অন্তর্ধান নিয়ে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সব মহলে আলোচনার মধ্যে তদন্তের সূত্র ধরে গত ১০ জুলাই ঢাকার আদালতে অর্চনা রানি নামে এক নারীকে নিয়ে আসে পুলিশ। নিজেকে ফরহাদ মজহারের শিষ্য দাবি করে এই নারী জবানবন্দিতে বলেন, সেদিন ফরহাদ মজহার তার জন্য অর্থ জোগাড় করতেই বেরিয়েছিলেন এবং ১৫ হাজার টাকাও পাঠিয়েছিলেন।

জিজ্ঞাসাবাদ শেষে এক সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বলেন,  আমাদের হাতে যে তথ্য এসেছে, তাতে মনে হচ্ছে তিনি অপহৃত হননি। ফরহাদ মজহার আদালতে ও পুলিশের কাছে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, তার সঙ্গে পুলিশি তদন্তে পাওয়া তথ্যের যথেষ্ট বৈসাদৃশ্য বা গরমিল রয়েছে। বিষয়টি উনার মাধ্যমে যাচাই করা হবে।

ডিবি কর্মকর্তা আরও বলেন, তিনি যদি মিথ্যা তথ্য দিয়ে থাকেন, তাহলে তার বিরুদ্ধে কীভাবে আইনগত ব্যবস্থা নেয়া যায়, তা ভেবে দেখা হচ্ছে।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ