
গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. আফাজ উদ্দিন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।রোববার ভোরে নলজানীর টিঅ্যান্ডটি এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে পালিয়ে যাওয়ার সময় আহত অবস্থায় দুই ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। তারা হলেন- রুবেল (৩০) ও আলম (২৮)।
হতাহত সবাই ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাসিন্দা বলে জানায় পুলিশ।
এ ব্যাপারে গাজীপুর সদর-টঙ্গী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন বলেন, রবিবার ভোররাতে নলজানী এলাকায় অস্ত্রধারী কতিপয় ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে খবর পায় পুলিশ। পরে সেখানে পুলিশ অভিযানে যায়। এ সময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে ছুড়েতে পালাতে থাকে। একপর্যায়ে পুলিশও পাল্টা গুলি ছুড়লে আফাজ উদ্দিন গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা সাখাওয়াত জানান, ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার এবং পালিয়ে যাওয়ার সময় আলম ও রুবেলকে পুলিশ আটক করেছে।
সাখাওয়াত আরো বলেন, তাদের ধরতে গিয়ে জয়দেবপুর থানার এসআই মো. সাদেক ও কনস্টেবল মো. হযরত আলী আহত হয়েছেন। তাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি জানান, আফাজের বিরুদ্ধে শ্রীপুর থানায় ছয়টি কাপাসিয়া থানায় একটি, গফরগাঁও থানায় একটি এবং পাগলা থানায় চারটি ডাকাতির মামলা রয়েছে। এরা প্রত্যকে আন্তজেলা ডাকাত দলের সদস্য।


























