spot_img

কোন্দল ও গ্রুপিং ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট ,  জনতারআদালত.কম , ১৭ জুলাই, ২০১৭ ।

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার অভ্যন্তরীণ কোন্দল ও গ্রুপিং ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বলেন, যদি বিএনপি এবং তার মিত্ররা আবার ক্ষমতায় আসে তাহলে তারা হত্যাকান্ড শুরু করবে, আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে আগুন দিবে এবং ২০০৪ সালের মতো গ্রেনেড হামলা চালাবে।
তিনি ২০০১ সালের নির্বাচনের মতো ‘দুর্ভাগ্য’ এড়াতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আগামি নির্বাচনে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

রোববার বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তিনি এ নির্দেশনা দেন।
তিনি আওয়ামী লীগের তৃনমূল নেতাকর্মীদের প্রতি দলীয় নিয়মনীতি মেনে চলার আহবান জানান এবং সতর্ক করে দিয়ে বলেন, দলীয় আদর্শ ও চেতনা থেকে বিচ্যুতি কঠোরভাবে মোকাবিলা করা হবে।

দেশের ব্যাপক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা এবং তাঁর অর্জনের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, কিছু লোকের নেতিবাচক কর্মকান্ডের জন্য সেগুলো ম্লান হয়ে যেতে পারে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলের নেতাকর্মীদের প্রতি আগামি নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার আহবান জানান এবং নির্বাচনে যথাযথভাবে অংশগ্রহণের জন্য প্রত্যেক ওয়ার্ড ও ইউনিয়নে কমিটি গঠনের নির্দেশনা দেন।
আগামি নির্বাচনকে কেন্দ্র করে নতুন ইস্যু সৃষ্টির জন্য বিএনপি এখন ষড়যন্ত্র করছে এবং ওই দলটি আবারও পরাজিত হবে বলে তিনি মন্তব্য করেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোসলেম উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম ও মহিবুল হাসান চৌধুরী নওফেল, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সামসুল হক চৌধুরী এমপি, মুস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, নজরুল ইসলাম এমপি এবং আবু রেজা নদভী এমপি।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান-এর পরিচালনায় এই সভায় আটটি উপজেলা ও পাঁচটি পৌরসভার মোট ২ হাজার দুইশ’ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। এছাড়াও চট্টগ্রাম উত্তর জেলার বিভিন্ন পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ওয়ার্ড প্রতিনিধিরা এসভায় অংশগ্রহণ করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ