ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৬ সেপ্টেম্বর, ২০১৭ ।

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মিরাজ হাসান টেনি (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার পিপুলবাড়িয়া-বালিয়াডাঙ্গা মাঠে এ গোলাগুলির ঘটনা ঘটে।
নিহত মিরাজ হাসান টেনি (২৭) উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারডাড়া গ্রামের আলম মণ্ডলের ছেলে।
পুলিশ জানায়, সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে দৌলতপুর-কাতলামারী সড়কের পিপুলবাড়িয়া-বালিয়াডাঙ্গা মাঠের মধ্যে একদল সন্ত্রাসীর অবস্থানের সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশের গাড়িকে লক্ষ্য করে গুলি চালায়। জবাবে পুলিশও পাল্টা গুলি চালালে ‘বন্দুকযুদ্ধের’ একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে।
এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে সন্ত্রাসী টেনি বলে শনাক্ত করে।
এ ব্যাপারে দৌলতপুর থানার ওসি দারা খান জানান, সকালে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে টেনি বলে শনাক্ত করেন। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে।


























