spot_img

হাসপাতালে হামলা ও ভাঙচুরে  আটক ৩

রবিউল হাসান লায়ন, জামালপুর, জনতারআদালত.কম । ১৬ অক্টোবর, ২০১৭ ।

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে রোববার রাতে এ ঘটনা ঘটে।

এ সময় হামলাকরীরা হাসপাতালের জরুরি বিভাগের চেয়ার-টেবিল, আলমারি ভাঙচুরসহ গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ করে। এ ঘটনায় তিনজন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগের কার্যক্রম বন্ধ রাখা হয়।

হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার চর ধানাটা গ্রামের আব্দুর রশিদের ছেলে নাসের উদ্দিন (১৭) পৌর এলাকার রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সে রোববার বিকেল সাড়ে চারটার দিকে ঘরের চালে উঠলে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বিকেল সোয়া পাঁচটায় তাকে সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। কর্তব্যরত চিকিৎসক সাহেদুর রহমান এ সময় নাসের উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের অবহেলায় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে- অভিযোগে রাত সাড়ে সাতটার দিকে হাসপাতালের জরুরি বিভাগে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে হাসপাতালে সেবা নিতে আসা লোকজন ছুটোছুটি করতে থাকে এবং চিকিৎসক ও কর্মচারীরা দৌঁড়ে উপর তলায় আশ্রয় নেল। খবর পেয়ে সরিষাবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে। এতে ওই বিদ্যালয়ের শিক্ষক আসলাম উদ্দিন আহত হন।
হাসপাতালে কর্তব্যরত উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা (সাকমো) সানজিদা জান্নাত জানান, অতর্কিতভাবে ৫০-৬০ জন লোক জরুরি বিভাগে হামলা করে। আতঙ্কে আমি দৌঁড়ে উপর তলায় চলে যাই। হামলাকারীরা আসবাবপত্র ভাঙচুর ও নথিপত্র নষ্ট করে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) চিকিৎসক মমতাজ উদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই ওই রোগীর মৃত্যু হয়েছিল। পরিবারের লোকজন মৃতদেহ নিয়ে যাওয়ার প্রায় দু’ঘন্টা পর বিক্ষুব্ধরা হাসপাতালে হামলা করে। বিষয়টি খুবই দুঃখজনক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত হাসপাতালে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল এবং স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে জরুরি বৈঠক চলছিল। এদিকে পুলিশ এই হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজন ছাত্রকে আটক করেছে। তারা হল মেহের হোসেন সাদ, পল্লব পাল ও হাসিবুল হাসান। আটক ছাত্ররা সবাই মাধ্যমিক পরীক্ষার্থী বলে জানা গেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ