ফরিদপুর প্রতিনিধি, জনতারআদালত.কম । ২৬ সেপ্টেম্বর, ২০১৭ ।

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভাবুকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে ফরিদপুরের নগরকান্দা থানার ওসি এএফএম নাসিম জানান, মাদারীপুরের টেকেরহাট থেকে ঢাকাগামী সোনারতরী পরিবহনের একটি বাস আজ সকাল সাড়ে ১০টার দিকে ওইস্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিয়ন্ত্রণহীণ বাসটি সড়কের পাশের কয়েকজন পথচারীকে চাপা দিয়ে একটি সরবত বিক্রির দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মেহেরুন নেছা, সেকেন শেখ ও ওয়াজেদ নামের তিন ব্যক্তি নিহত হয়। আহত হয় আটজন।
তিনি বলেন, আহতদের উদ্ধার করে স্থানীয়রা ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালায়।


























