ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম , ৯ আগষ্ট, ২০১৭ ।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার বিচার বিভাগের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। তারা বিচার বিভাগের সিদ্ধান্ত মানতে নারাজ। সুপরিকল্পিতভাবে রাষ্ট্রের যে তিনটি প্রধান স্তম্ভ, সেই স্তম্ভগুলো ধ্বংস করে দিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি করছে সরকার নিজেই। অথচ তাদের দায়িত্ব ছিল গণতন্ত্রকে রক্ষা করবার। সেই গণতন্ত্রকে রক্ষা না করে তারা দৈত্যে পরিণত হয়েছে এবং ধ্বংস করে দিচ্ছে সবকিছু।
বুধবার দুপুরে পুরান ঢাকায় ঢাকা আইনজীবী সমিতি ভবনের নিচতলায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, কয়েকজন মন্ত্রী যে ভাষায় কথা বলেছেন, তাতে পরিষ্কার— এই সরকার বিচার বিভাগের বিপক্ষে অবস্থান নিয়েছে। এর প্রতিবাদে আইনজীবীদের ঐক্যবদ্ধ হতে হবে।
এ সময় তিনি আরো বলেন, দেশ কীভাবে চলছে, কীভাবে দেশের শাসন ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে, তা বোঝার জন্য ষোড়শ সংশোধনী বাতিলের রায়ই যথেষ্ট। এই রায় একটি ঐতিহাসিক দলিল।


























