spot_img

রোনাল্ডোর গোলে রিয়ালের জয়, লেভান্তেকে উড়িয়ে দিল এ্যাথলেটিকো

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৬ নভেম্বর, ২০১৭ ।

প্রায় মাসখানেক পরে লা লিগায় গোল পেয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আর তার এই গোলেই টেবিলের তলানির দিকে থাকা মালাগার বিপক্ষে ৩-২ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষের ১৫ মিনিট আগে রোনাল্ডোর পেনাল্টি মালাগা গোলরক্ষক রবার্তো রক্ষা করলেও ফিরতি বলে গোল করে মাদ্রিদ শিবিরে স্বস্তি ফেরান এই পর্তুগীজ তারকা।

দিনের অপর ম্যাচে এন্টোনিও গ্রিজম্যান ও কেভিন গামেইরোর জোড়া গোলে লেভান্তেকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে রিয়ালের সাথে সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে এ্যাথলেটিকো মাদ্রিদ। দুই মাদ্রিদই এখন অপেক্ষায় রয়েছে রোববার শীর্ষ দুই দল বার্সেলোনা ও ভ্যালেন্সিয়ার লড়াইয়ে কাতালানরা যাতে হোঁচট খায়। এদিকে শেষ পর্যন্ত বার্সেলোনার সাথে ২০২১ পর্যন্ত চুক্তি বৃদ্ধি করেছেন দলের সুপারস্টার লিয়নেল মেসি। নতুন এই চুক্তিতে কাতালান জায়ান্টরা বেশ ফুরফুরে মেজাজে রয়েছে।

ঘরের মাঠ সানতিয়াগো বার্নাব্যুতে শনিবার ম্যাচ শেষে মাদ্রিদ বস জিনেদিন জিদান বলেছেন, ‘এই ফলাফলে আমরা দারুন খুশী। তৃতীয় গোল করতে পুরো দল মুখিয়ে ছিল, শেষ পর্যন্ত তার ফলও পেয়েছে। এই ম্যাচে অনেক ভাল দিক ছিল। তবে এমন কিছু কিছু বিষয় ছিল যা কাঙ্খিত নয়। আমরা আরো ভাল খেলতে পারতাম এতে কোন সন্দেহ নেই। এটা সত্যি যে আমরা অনেক বল তাদেরকে উপহার দিয়েছি। তবে তারপরেও এই ম্যাচ থেকে আমাদের ইতিবাচক মনোভাব পোষন করতে হবে। কারন আমরা তিন পয়েন্ট সংগ্রহ করেছি।’

ম্যাচের শুরুতেই রোনাল্ডোর হেড ক্রসবারে লেগে ফেরত আসলে ফিরতি বলে ফাঁকায় দাঁড়ানো করিম বেনজেমা গোল করে দলকে এগিয়ে দেন। ৯ মিনিটে গোল হজম করলেও মালাগা ছেড়ে কথা বলেনি। ১৮ মিনিটে টনি ক্রুসের বাজে একটি পাস থেকে দিয়েগো রোলান কিকো ক্যাসিয়াকে পরাস্ত করলে সমতায় ফেরে মালাগা। যদিও মালাগার এই আনন্দ বেশীক্ষন স্থায়ী হয়নি। তিন মিনিট পইে ক্রুসের কর্ণার থেকে কাসেমিরো আবারো স্বাগতিকদের এগিয়ে দেন। ৫৮ মিনিটে কোরি ক্যাস্ত্রোর ২৫গজ দুর থেকে জোড়ালো শট আটকাতে পারেননি ক্যাসিয়া।

বিরতির আগে ডানি কারভাজালের বিপক্ষে ফ্রেঞ্চ ডিফেন্ডার পল বেসেসের ফাউলের অপরাধে মাদ্রিদের পেনাল্টির আবেদন নাকচ করে দিয়েছিলেন স্প্যানিশ রেফারী জেসাস গিল। কিন্তু ৭৬ মিনিটে লুকা মোদ্রিচকে ডি বক্সের মধ্যে ফাউলের অপরাধটি আর এড়িয়ে যেতে পারেনি গিল। স্পট কিক থেকে রোনাল্ডোর শট রবার্তো আটকে দিলেও ফিরতি শটে দলকে জয় উপহার দেন সিআর সেভেন।

আগের ছয় লা লিগা ম্যাচে মাত্র চার গোল করা এ্যাথলেটিকো কাল যেন লেভান্তের ওপর চেপে বসেছিল। ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই গামেইরোর ক্রস থেকে রবারের আত্মঘাতি গোলে এগিয়ে যায় এ্যাথলেটিকো। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ফ্রেঞ্চম্যান গামেইরো। বিরতির পরে ৯ মিনিটেই মধ্যেই গ্রিজম্যানের সহায়তায় নিজের দ্বিতীয় গোল করেন গামেইরো।

দিয়েগো কস্তা ক্লাবে ফিরে আসার কারনে গামেইরো ভবিষ্যত নিয়ে শঙ্কা দেখা দিলেও প্রতিদিনই নিজেকে পরিণত করে তুলছেন এই ফ্রেঞ্চম্যান। ৬৫ মিনিটে গামেইরো সহয়তায় চতুর্থ গোলটি করেন গ্রিজম্যান। তিন মিনিট পরে গ্রিজম্যান নিজের দ্বিতীয় গোল করলে বড় ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে সফরকারীরা। আট ম্যাচে গোলবিহীন থাকা গ্রিজম্যান এই নিয়ে গত দুই ম্যাচে তৃতীয় গোল করলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ