ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২১ নভেম্বর, ২০১৭ ।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজনের মৃত্যু হয়েছে।
র্যাব ১১-এর লক্ষ্মীপুর ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পরিচালক পুলিশ সুপার মো. জসিমউদ্দিন চৌধুরী জানান, আজ মঙ্গলবার ভোরে বয়ারচরের চতলার ঘাটে গোলাগুলির এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন – উপজেলার কালিরচরের আলী আহম্মদের ছেলে সাইফুল ইসলাম (৩৫) ও একই গ্রামের দুলাল মাঝির ছেলে শফিক (২৪)। তারা জলদস্যু বলে র্যাবের ভাষ্য।
মঙ্গলবার ভোরে এ বন্দুকযুদ্ধ হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি দুই নলা বন্দুক, একটি এক নলা বন্দুক ও একটি এলজিসহ বেশকিছু গুলি ও ডাকাতির অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী র্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরীর জানান, কিছুদিন ধরে মেঘনার বিভিন্ন এলাকায় জলদস্যু সাইফুল বাহিনী কয়েকটি ডাকাতির ঘটনা ঘটায়। গতকাল সোমবার দিবাগত রাতেও তাঁরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে খবর পাওয়া যায়। যার ভিত্তিতে রাত সাড়ে তিনটার দিকে হাতিয়ার বয়ারচরের চতলারঘাট এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে সাইফুল বাহিনী। র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় ২০ মিনিট এ গোলাগুলি চলে। পরে গুলি বন্ধ হলে ঘটনাস্থল থেকে র্যাব দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে। তাঁদের চরজব্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক তাঁদের মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এএসপি জসীম জানান, পরে স্থানীয়রা সাইফুল ও শফিককে শনাক্ত করেছেন। সাইফুলের বিরুদ্ধে বিভিন্ন হত্যা, ডাকাতিসহ নানা অপরাধের ৮টি মামলা রয়েছে।
নিহতদের মৃতদেহ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।


























