ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২১ নভেম্বর, ২০১৭ ।

অসুস্থ বাবার সেবা করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন মা। মায়ের সঙ্গে এসেছিল তিন মাস বয়সী শিশু জিমও। রাতে মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে শিশুটি। এর পর মায়ের কোল থেকেই হারিয়ে যায় জিম।
জিম ময়মনসিংহের গফরগাঁও উপজেলার জুয়েল হোসেন ও সুমাইয়া আক্তারের মেয়ে। সোমবার মধ্যরাতের পর কোনো একসময় হাসপাতালের নতুন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ড থেকে জিম নামের ওই শিশুটি চুরি হয়ে যায় বলে অভিযোগ পরিবারের।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ডায়াবেটিস থেকে কিডনি রোগে আক্রান্ত হয়ে গত ৩১ অক্টোবর জুয়েল ঢামেক হাসপাতালের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। তাকে ৪০ নম্বর বেডটি বরাদ্দ দেওয়া হয়। ভর্তির পর থেকে অ্যাটেনডেন্ট হিসেবে শিশুসহ স্ত্রী সুমাইয়াও তার সঙ্গে ছিলেন। গতকাল সোমবার পাশের ৪১ নম্বর বেডটি খালি থাকায় শিশুকন্যাকে নিয়ে ঘুমিয়ে পড়েন সুমাইয়া। আর পাশের বেডেই ঘুমাচ্ছিলেন অসুস্থ জুয়েল।
জুয়েলের ভাতিজা রাফসান ফরাজি বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ ঘুম ভাঙলে আমার চাচি দেখেন তার মেয়ে কোলে নেই। তখনই কান্নাকাটি শুরু করেন তিনি। পরে অন্যান্য রোগী, রোগীর স্বজন ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরাও ছুটে আসেন।
তবে অনেক খোঁজাখুঁজি করেও জিমকে কোথাও পাওয়া যায়নি। ‘
সুমাইয়া হাসপাতালে সাংবাদিকদের বলেছেন, তার মেয়েকে দেখে অন্য রোগীর স্বজনসহ অনেকেই প্রশংসা করেছেন, কথা বলেছেন। কিন্তু তাদের কেউ জিমকে চুরি করেছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।


























