ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম , ১৮ জুলাই, ২০১৭ ।

ঘুষের ৫ লাখ টাকাসহ নৌ পরিবহন অধিদফতরের প্রধান প্রকৌশলী ও শিপ সার্ভেয়ার একেএম ফখরুল ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশনের একটি দল।
মঙ্গলবার নৌ পরিবহন দফতরে ঘুষ গ্রহণকালে তাকে আটক করা হয় বলে জানান দুদকের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, বেলা দুইটার দিকে বিআইডব্লিউটিআই অফিস থেকে পাঁচ লাখ টাকা ঘুষ গ্রহণকালে তাকে আটক করা হয়।
ঘুষ গ্রহণের ঘটনায় নৌ পরিবহন অধিদফতরের প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাহাজের নকশা অনুমোদনের জন্য এক ব্যক্তির কাছ থেকে ৫ লাখ টাকা ঘুষ গ্রহণকালে তাকে হাতেনাতে আটক কর হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফখরুল ইসলাম বেঙ্গল মেরিন এন্ড ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এর জমাকৃত এমভি নওফেল লিহান জাহাজের নক্সা অনুমোদনের জন্য ৫ লাখ টাকা ঘুষ দাবি করেন। তার এই অনৈতিক প্রস্তাবের প্রেক্ষিতে আজ তাকে ৫ লাখ টাকা ঘুষ প্রদানে সম্মত হন। আজ ঘুষের টাকা দেয়ার দিন ধার্য ছিল। বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে অবহিত করলে ঘুষ গ্রহণকালে অভিযোগ সংশ্লিষ্ট কর্মকর্তাকে গ্রেফতারের জন্য ১১ সদস্যের একটি বিশেষ টিম গঠন করা হয়। এই টিমের সদস্যরা দুদক ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে মতিঝিলের বিআইডব্লিউটিএ ভবনের চারিদিকে অবস্থান গ্রহণ করেন।
মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম রব্বানী জানান, দুদকের কর্মকর্তারা এ ব্যাপারে মামলা দায়ের করছে। তবে কীভাবে তাকে আটক করা হয়েছে দুদক পুলিশকে জানায় নি।


























