ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম , ১৮ জুলাই, ২০১৭ ।

মন্ত্রীসভায় রদবদল হতে পারে বলে ইঙ্গিত দিলেও উপ-প্রধানমন্ত্রী পদ সৃষ্টির বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই গুঞ্জনের বিষয়ে মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, উপ-প্রধানমন্ত্রী এটা স্রেফ একটা গুজব। এটার কোনো বাস্তবতা নেই। এটা একেবারে ভিত্তিহীন মিথ্যা কথা। কবে নাগাদ মন্ত্রীসভায় রদবদল হবে সে বিষয়ে কিছু বলেননি তিনি ।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সেতু ভবনে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে একটি বৈঠক শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ওবায়দুল কাদের বলেন, কাকে মন্ত্রী রাখবেন, কাকে বাদ দেবেন এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। এখানে আমাদের কারও কিছু বলার নেই। তবে একটা রদবদল বোধ হয় হতে পারে। হওয়াটা স্বাভাবিক। সেটা কোন সময় হবে, কী হবে সেটা আমি ঠিক জানি না। এসময় তিনি বলেন, উপপ্রধানমন্ত্রী এটা স্রেফ একটা গুজব। এটার কোনো বাস্তবতা নেই। এ ধরনের কোনো চিন্তা-ভাবনা নেই।
হাইকমিশনার জুলিয়া নিবলেটের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এদিন দুপুরে সেতু ভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাত করে।
সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।


























