ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম , ১ আগষ্ট, ২০১৭ ।

গাইবান্ধায় কোমরে জোড়া লাগানো অবস্থায় জন্ম নেয়া শিশু তৌফা ও তহুরাকে অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা হয়েছে। প্রায় সাড়ে ৬ ঘণ্টার অপারেশনে তৌফা ও তহুরাকে আলাদা করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক কানিজ হাসিনা শিউলি সাংবাদিকদের এই তথ্য জানান। শিশু দুটি সুস্থ রয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার বিকাল পৌনে ৩টার দিকে অপারেশন থিয়েটার থেকে বের হয়ে গণমাধ্যম কর্মীদের অধ্যাপক কানিজ হাসিনা বলেন, ‘আমরা দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টা অপারেশন চালিয়ে তৌফা ও তহুরাকে আলাদা করেছি। বর্তমানে তারা সুস্থ ও স্বাভাবিক রয়েছে। প্রতিটি মুহূর্ত তাদের পর্যবেক্ষণ করা হচ্ছে। আপাতত আর কিছু বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে।’
অস্ত্রোপচারের সময় শিশু দুটির পায়ুপথ ও জননাঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা এ প্রসঙ্গে তিনি বলেন, যদি তারা সুস্থ থাকে, পরবর্তীতে সবই ঠিক করা যাবে। এগুলো খুবই সাধারণ বিষয়। ওই অংশ কোনও ব্যাপারই না।
তিনি আরও জানান, এই বাচ্চাদের স্বাভাবিকের চেয়ে অনেক পাতলা একটা পর্দা ছিল পায়ুপথে।
অপারেশনের পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে আরও কয়েক ধাপ লাগবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত বছর ২৯ সেপ্টেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া গ্রামের রাজু মিয়ার স্ত্রী সাহিদা বেগম নিজ বাড়িতে জোড়া কন্যা সন্তানের জন্ম দেন। কোমরের কাছে জোড়া লাগানো শিশু দুটির সব অঙ্গপ্রত্যঙ্গই আলাদা। শুধু প্রস্রাব-পায়খানার রাস্তা একটি ছিল।
এর আগে সোমবার হাসপাতালের সার্জিক্যাল কনফারেন্স রুমে তোফা ও তহুরাকে কোলে নিয়ে এক সংবাদ সম্মেলনে এসেছিলেন তাদের মা শাহিদা বেগম। তিনিও দুই সন্তানের জন্য সবার দোয়া চেয়েছেন।


























