ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৩ আগষ্ট, ২০১৭ ।

উত্তর কোরিয়ার ৫০ লাখ তরুণকে পারমাণবিক যুদ্ধাস্ত্রে রূপান্তর করা হবে। আর তাদের দিয়ে গোটা আমেরিকাকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে বিশ্বের মানচিত্র থেকে। বাস্তব নয়, এটি উত্তর কোরিয়ার একটি ভিডিও বার্তা।
ওই ভিডিওতে দেখা গিয়েছে, পিয়ংইয়ং সিটি ইয়ুথ লিগ কমিটির ফার্স্ট সেক্রেটারি মুন চোল কোরিয়ার তরুণ সমাজকে ৫০ লাখ মানব বুলেট হিসেবে ব্যবহারের শপথ নিচ্ছেন। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার কিম ইল সাং স্কয়ারে একটি গণসমাবেশ হয়। ওই সমাবেশে মুন চোল বলেন, ‘এই দেশের তরুণ সমাজ ৫০ লাখ মানব বুলেট, বোমা, পারমাণবিক যুদ্ধাস্ত্রে পরিণত হয়ে আমেরিকাকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবে।’ সমাবেশে অংশগ্রহণকারীদের অনেকের হাতে বিভিন্ন স্লোগানযুক্ত ব্যানার ও পোস্টার ছিল। সেখানে লেখা-‘পারমাণবিক গর্জন নিয়ে আমেরিকার ওপর হামলে পড়’…. ‘আমাদের গায়ে যারা টোকা দেবে তারা মৃত্যু থেকে বাঁচতে পারবে না’……. ‘একটি প্রতিশোধমূলক ধ্বংসাত্মক হামলা হোক’……. ‘চল আমরা সর্বোচ্চ নেতা কমরেড কিম জং উনের সম্মান বজায় রাখতে বুলেট আর বোমা হই’।
কোরিয়ার ওয়ার্কার্স পার্টির সদস্য কিম কি নামও ওই সমাবেশে বক্তৃতা দেন। আমেরিকা ও এর মিত্রদের ‘নির্লজ্জ গ্যাংস্টারের মতো আচরণকারী’ আখ্যা দিয়ে কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের নিন্দা জানান। তিনি বলেন, ‘কোনও নিষেধাজ্ঞা এবং চাপ দিয়েই উত্তর কোরিয়াকে শাসানো যাবে না’। আমেরিকার সমর্থন দেওয়া দেশগুলোকে হুঁশিয়ার করে কিম কি নাম বলেন, ‘যেসব প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রকে অন্ধভাবে বিশ্বাস করে এবং যুক্তরাষ্ট্রের হাতের পুতুল হয়ে নাচে তারা কোরীয় উপদ্বীপের পরিস্থিতিকে বিপন্ন করা এবং এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলার দায় এড়াতে পারবে না।’
উল্লেখ্য, উ. কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার বিপরীতে মার্কিন প্রস্তাবে সমর্থন দিয়ে জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা আরোপের পর থেকে পিয়ংইয়ং-ওয়াশিংটন উত্তেজনা নতুন মাত্রা পায়। শুরু হয় দু্ই দেশের শীর্ষ নেতার পারস্পরিক হুমকিধামকি। এক পর্যায়ে উত্তর কোরিয়া গুয়ামের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার হুঁশিয়ারি দেয়। জবাবে উত্তর কোরিয়ার ‘ধূলায় মিশিয়ে দেওয়া’র হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প।


























