ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম , ২৯ জুলাই, ২০১৭ ।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজবাড়ীর দুইভাই সহ ছয়জন নিহত হয়েছেন। সৌদি সময় বৃহস্পতিবার রাত ৩টার দিকে দাম্মাম শহরের কাছে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দরাপের ডাঙ্গা গ্রামের ওহেদ আলী বেপারীর দুই ছেলে এরশাদ বেপারী (২৮) ও হুমায়ুন বেপারী (২২)। একই উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের আনছার মাঝি গ্রামের ছহেদ মণ্ডলের ছেলে মিরাজ মণ্ডল (২৪) ও দক্ষিণ নাছের মাতব্বর পাড়ার ওসমান খানের ছেলে কোব্বাত খান (২৩)।
নিহত অপর দুজন ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা। তাদের একজন নথচ্যানেল ইউনিয়নের আরান দেওয়ানের ছেলে ইদ্রিস দেওয়ান (৩২), অপরজন হাজীগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানা গেলেও তার নাম-পরিচয় নিশ্চিত করেনি দূতাবাস।
প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়, দাম্মাম থেকে রিয়াদ যাওয়ার পথে অপর একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে গাড়িতে থাকা দুই বাংলাদেশি ঘটনাস্থলে মারা যান। আহতদের হাসপাতালে নেওয়ার পর বাকি চার বাংলাদেশির মৃত্যু হয়।
শুক্রবার রাতে পরিবারের লোকজন তাদের মৃত্যুর খবর পান। নিহতদের পরিবারের দাবী সরকার যেন দ্রুত সময়ের মধ্যে লাশগুলো দেশে আনার ব্যবস্থা করে।


























