spot_img

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু মজনু বাহিনীর প্রধান নিহত

ডেস্ক রিপোর্ট,  জনতারআদালত.কম , ৩০ জুলাই, ২০১৭ ।

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু ছোট মজনু বাহিনীর প্রধান আব্দুর রউফ ওরফে রফুজ নিহত হয়েছেন। আহত হয়েছেন র‌্যাবের দুই সদস্য। রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে সুন্দরবনের কালাবগি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‌্যাব কর্মকর্তা রফিকুল বলেন, ‘ছোট মজনু বাহিনীর’ সদস্যরা স্থানীয় জেলে ও মৌয়ালদের কাছ থেকে চাঁদাবাজি করত। সময় সময় তাদের অপহরণও করত। গত শুক্রবার কালাবগি স্টেশনের স্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ রায়কে ‘হত্যার উদ্দেশ্যে’ জলদস্যু বাহিনীর সদস্যরা গুলি করে।

“এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু করে র‌্যাব। সকালে আরবানিয়া খাল এলাকায় তারা অভিযান শুরু করলে ছোট মজনু বাহিনীর সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে।”

রফিকুল বলেন, “প্রায় আধাঘণ্টা উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এক পর্যায়ে দস্যুবাহিনী পিছু হটলে তারা রউফের গুলিবিদ্ধ দেহ পড়ে থাকতে দেখেন।”

আহত রউফকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দুপুর সোয়া ১২টার দিকে তিনি মারা যান। ঘটনাস্থল থেকে একটি একনলা রাইফেল, ৯ রাউন্ড রাইফেলের গুলি,৭ রাউন্ড শর্টগানের গুলি, ৩ টি খোসা, একটি ৩ ফুট লম্বা রামদা ও একটি তরবারি উদ্ধার করেছে র‌্যাব।
উল্লেখ্য, সুন্দরবনের বনদস্যু মজনু বাহিনী আত্মসমর্পনের পর রউফ মজনু বাহিনীর নামে চাঁদা আদায় ও বনজীবীদের ওপর নানাভাবে নির্যাতন চালাচ্ছিল।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ