spot_img

খালেদা জিয়ার গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে : ওবায়দুল কাদের

ষ্টাফ রিপোর্টার,  জনতারআদালত.কম , ৩০ জুলাই, ২০১৭ ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, লন্ডন সফরে থাকা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে।

আজ রবিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, অসিম কুমার উকিল, আফজাল হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার লন্ডন সফরে তার গতিবিধির ওপর নজর রাখছি। যুক্তরাজ্য আওয়ামী লীগ, সেখানকার দূতাবাস খালেদা জিয়ার চলাফেরার ওপর নজর রাখছে। লন্ডনে খালেদা জিয়া কোথায় যায়, কাদের সঙ্গে যোগাযোগ করেন, কার কার সঙ্গে আলোচনা করেন, বৈঠক করেন সব খোঁজ-খবর নেওয়ার জন্য লোকজন আছে।

এছাড়া, বগুড়ায় ছাত্রী ধর্ষণের পর সালিশের নামে মা-মেয়েকে মাথা ন্যাড়ার ঘটনায় দোষীদের বিরুদ্ধে সহযোগী সংগঠনকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সাভারের এমপি ডা. এনামুর রহমান এনামের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের বিষয়ে জনাব কাদের বলেন, সাভারের এমপি ডা. এনামুর রহমান এনামকে শোকজ করছি। একটি পত্রিকার সাক্ষাৎকারে তিনি যা বলেছেন বিষয়গুলো আমরা সিরিয়াসলি খতিয়ে দেখছি।

প্রসঙ্গত, ডা. এনাম বলেছিলেন, সাভারে অনেক ক্যাডার আর মাস্তান ছিল। এখন সব পানি হয়ে গেছে। কারও টুঁ শব্দ করার সাহস নাই। ৫ জনকে ক্রসফায়ারে দিয়েছি আরো ১৪ জনের লিস্ট করেছি। সব ঠান্ডা। লিস্ট করার পর যে দু’একজন ছিল তারা আমার পা ধরে বলেছেন, আমাকে জানে মাইরেন না আমরা ভালো হয়ে যাবো। ডা. এনামের এই বক্তব্যের পর সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়। সমালোচনার মুখে পড়েন সভারের এই এমপি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ