ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ২৪ অক্টোবর, ২০১৭ ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ার ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং এর সদস্য শায়রুল কবির জানান, সোমবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে তার এলিফ্যান্ট রোডের নিজ বাসভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন।
এদিকে এম কে আনোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকাল ১০টায় কাঁটাবনে এম কে আনোয়ারের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে দুপুর ১২টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় এবং দেড়টার দিকে সংসদ ভবনে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এসব জানাজা শেষে তার লাশ নেওয়া হবে কুমিল্লার হোমনায় নিজ গ্রামের বাড়িতে। সেখানেই তার দাফন সম্পন্ন হবে।
১৯৫৩ সালে তৎকালীন সিএসপি কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন এম কে আনোয়ার। পাকিস্তান ও বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। এম কে আনোয়ার ১৯৯০ সালে রাষ্ট্রীয় সর্বোচ্চ কর্মকর্তা ক্যাবিনেট সচিবের দায়িত্বে থাকা অবস্থায় অবসরে যান। চাকরি থেকে অবসর নেওয়ার পর ১৯৯১ সালে তিনি বিএনপির রাজনীতিতে যোগ দেন।
কুমিল্লার হোমনা আসন থেকে এই নেতা একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। দুবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
দলের প্রবীণ এই নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিবারের প্রতি সমবেদনা জানাতে এম কে আনোয়ারের বাসায় যাবেন মির্জা ফখরুল।


























