spot_img

সমাবেশের জন্য বিএনপিকে পুলিশের অনুমতির অপেক্ষায় থাকতে বললেন ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৮ নভেম্বর, ২০১৭ ।

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সমাবেশের অনুমতির সাথে গণতন্ত্রের কোন সম্পর্ক নেই। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সমাবেশের অনুমতি দেয় না, অনুমতি দেয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’

ওবায়দুল কাদের আজ বিকেলে রাজধানীর শাহবাগস্থ জাতীয় জাদুঘর মিলনায়তনে আওয়ামী লীগের সাত দিনব্যাপী কর্মসূচীর শেষ দিনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সরকার গণতন্ত্রের স্বার্থে আগামী ১২ নভেম্বর বিএনপির সমাবেশের অনুমতি দেবে বলে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা মন্তব্যের জবাবে এ কথা বলেন।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের প্রামান্য দলিল হিসেবে স্বীকৃতি পাওয়ায় আওয়ামী লীগের সাত দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য এডভোকেট রিয়াজুল কবির কাওছার ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট মোল্লা মো. আবু কাওছার উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, আগামীকাল শহীদ সোহরাওয়াদী উদ্যানে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকারও কথা ছিল।

তিনি বলেন, কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনী পরামর্শে আওয়ামী লীগের আগামীকালের সমাবেশ পিছিয়ে দেয়া হয়েছে। আর আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানও তো আমরা বিশাল করে সোহরাওয়ার্দী উদ্যানে করতে পারতাম। তা না করে এ অনুষ্ঠান আমরা একটি মিলনায়তনে করলাম।

কাদের বলেন, বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ১২ নভেম্বরে বিএনপির সমাবেশের সাথে গণতন্ত্রের সম্পর্ক কিভাবে দেখতে পেলেন তা আমরা বুঝে উঠতে পারছি না।

এ বিষয়ে তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় বহুবার আমাদের সমাবেশের অনুমতি দেয়নি। আবার অনুমতি দিলেও পুলিশ লেলিয়ে দিয়ে আমাদের কর্মসূচিকে পন্ড করে দিয়েছে। তখন গণতন্ত্র কোথায় ছিল?

এ সময় ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ বিএনপি ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগের সমাবেশে পুলিশি হামলার কথা তুলে ধরেন।

গত ৭ নভেম্বর জাতীয় সংসদ ভবন সংলগ্ন ক্রিসেন্ট লেকের বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিতে দেয়া হয়নি বলে বিএনপির অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, সেদিন বিএনপির কোন নেতা-কর্মী জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে যায়নি। বিএনপি এ বিষয়ে পুরোপুরি মিথ্যাচার করেছে।

তিনি বলেন, কমনওয়েলথ পার্লামেন্টারী এসোসিয়েশনের (সিপিএ) কনফারেন্সে যাতে নিরাপত্তার ক্ষেত্রে কোন ধরনের সমস্যা না হয় সে জন্য সীমিত আকারে কর্মসূচি পালনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিএনপিকে অনুরোধ জানানো হয়েছিল।

কাদের বলেন, বিএনপির নেতা-কর্মীরা সেদিন জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে না গিয়ে উল্টো সরকারের ওপর অনুষ্ঠান না করতে দেয়ার অভিযোগ তুলেছে। বিএনপির এ ধরনের দোষারোপের রাজনীতি পরিহার করা উচিত।

উল্লেখ্য, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের প্রামান্য দলিল হিসেবে স্বীকৃতি পাওয়ায় আওয়ামী লীগ সাত দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে। এ কর্মসূচির ষষ্ঠদিনে আজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের বরেন্য শিল্পীরা এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ