ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৮ সেপ্টেম্বর, ২০১৭ ।

মিয়ানমারে স্টেট কাউন্সেলর অং সান সু চি সব রোহিঙ্গাদের শরণার্থীকে ফিরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন। বৃহস্পতিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে মিয়ানমার সফর শেষে বাংলাদেশে আসা যুক্তরাজ্যের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড এ কথা জানিয়েছেন।
মার্ক ফিল্ড মিয়ানমারের রাজধানী নেপিডোতে অং সান সু চির সঙ্গে এবং ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেছেন।
যদিও বর্তমান পরিস্থিতি সুচির নিয়ন্ত্রণের বাইরে। তবুও সংকট নিরসনের লক্ষ্যে পর্দার আড়ালে কূটনৈতিক ও রাজনৈতিক প্রচেষ্টা চলছে।
রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে সুচির সদিচ্ছার কারণে ব্রিটিশ সরকার আশা করে, রোহিঙ্গা সংকটের সুরাহা হবে।
মার্ক ফিল্ড বলেন, “তিনি (সু চি) আমাকে আশ্বস্ত করেছেন, তিনি সব শরণার্থীকে বার্মায় ফিরিয়ে নিতে চান। ”
মিয়ানমারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার চেয়ে কূটনৈতিকভাবে সমস্যার সমাধানের দিকে এগোনোর পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, সু চি যদি ব্যর্থ হন তাহলে সেনাবাহিনী সর্বময় ক্ষমতার অধিকারী হবে এবং সম্ভাব্য সবচেয়ে খারাপ পরিস্থিতি হবে ।
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর সহিংসতার নিন্দায় সরব হলেও এই সময়ে দেশটির গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী সু চির পাশে দাঁড়ানোর কথা বলছেন তারা।
মিয়ানমার ঘুরে আসা ব্রিটিশ প্রতিমন্ত্রী ফিল্ডের কথায়ও সেই প্রতিধ্বনি। তিনি বলেন, সু চি একটি কঠিন পরিস্থিতির মধ্যে আছেন এবং তিনি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপের মধ্যে একটি ‘সঠিক পথ’ বের করার চেষ্টা করছেন।
রাখাইন পরিস্থিতি নিয়ে মার্ক ফিল্ড বলেন, “আমি নিজের চোখে ভয়াবহ অবস্থা দেখেছি। আমরা এখন যা করতে পারি তা হল, আমাদের বন্ধুদের দিয়ে যত সম্ভব চাপ প্রয়োগ।”
“এই পর্যায়ে আমরা সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টা চালাব।”
সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যর আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী অ্যালিস্টার বার্ড উপস্থিত ছিলেন।


























