ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৪ আগষ্ট, ২০১৭ ।

পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোতে এক সন্ত্রাসী হামলায় ১৭জন নিহত এবং আটজন গুরুতর আহত হয়েছে বলে দেশটির সরকার জানিয়েছে।
তবে, নিহতদের সকলের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
শহরের একটি হাসপাতাল জানিয়েছে, নিহতদের একজন তুরস্কের নাগরিক।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজধানী উয়াগাদুগু শহরের ব্যস্ত কোয়ামি নক্রুমাহ এভিন্যুতে রোববার রাত নয়টার কিছু পরে গোলাগুলি শুরু হয়।
রেস্তরাঁয় আসা একজন অতিথি হামলায় আহত হয়েছেনসেখানকার হোটেল ব্রাভিয়া এবং আজিজ ইস্তানবুল রেস্তরাঁর বাইরের অংশে আগত অতিথিদের লক্ষ্য করে হঠাৎই তিনজন বন্দুকধারী গুলি চালাতে শুরু করে।
এখন সেনাবাহিনী পুরো শহর ঘেরাও করে রেখেছে।
উয়াগাদুগুর মার্কিন দূতাবাস নিজের নাগরিকদের ঘটনাস্থলের আশেপাশে না আসতে সতর্ক করে দিয়েছে।
সংবাদদাতা জানিয়েছেন, সাহেল অঞ্চলে সক্রিয় আল কায়েদার একটি সহযোগী সংগঠন এ হামলা চালিয়েছে বলে আশংকা করা হচ্ছে।

গত বছর জানুয়ারিতে এই ঘটনাস্থলের কাছাকাছি একটি ক্যাফেতে জিহাদি হামলায় ৩০জন নিহত হয়েছিল।
আল কায়েদা ঐ হামলার দায় স্বীকার করেছিল।
বুর্কিনা ফাসো সাহেল অঞ্চলভুক্ত একটি রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র মালিও ঐ অঞ্চলের অংশ।
২০১২ সাল থেকে মালিতে সন্ত্রাসী ইসলামি সংগঠনগুলো তৎপর রয়েছে বলে জানা যায়।


























