লক্ষ্মীপুর প্রতিনিধি , জনতারআদালত.কম , ১৪ জুলাই, ২০১৭ ।

লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. সামছুল ইসলাম মারা গেছেন। সকাল ৭টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি…..রাজেউন)।
তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করছেন। এছাড়া শোক প্রকাশ করছেন জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গতকাল রাত ১০টার দিকে জেলা পরিষদ বাসভবনে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে জেলা পরিষদ চেয়ারম্যান সামছুল ইসলামকে প্রথমে শহরের আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ভোররাতে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শামছুল ইসলাম কিছুদিন ধরে জ্বর ও কিডনিজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে রেখে গেছেন।
তার মৃত্যুতে কেন্দ্রীয় আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহ্জাহান কামাল, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু গভীর শোক প্রকাশ করেন।
শামছুল ইসলাম সাবেক অতিরিক্ত সচিব ও জেলা পরিষদের প্রশাসক ছিলেন। জেলা পরিষদের নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।


























