spot_img

লকডাউনের চতুর্থ দিন আজও সড়কে কড়া নজরদারি

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

সরকার ঘোষিত সাতদিনব্যাপী কঠোর বিধিনিষেধের (লকডাউন) আজ চতুর্থ দিন। লকডাউন কার্যকরে মাঠে রয়েছেন পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যরা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হলে জরিমানা এবং গ্রেফতারও করা হচ্ছে। তবে জরুরি পরিষেবায় নিয়োজিতরা পরিচয়পত্র দেখিয়ে ও প্রয়োজনীয়তার বিষয়টি তল্লাশির সময় আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে গন্তব্যে বা কর্মস্থলে যেতে পারছেন।

লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া অযৌক্তিক কারণে বাইরে বের হওয়ায় রাজধানীতে প্রথম দিন ৫৫০ এবং দ্বিতীয় দিন ৩২০ জনকে গ্রেফতার করা হয়। এদিকে র‌্যাবের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেশব্যাপী বৃহস্পতিবার ১৮২ জনকে ১ লাখ ৩২ হাজার ৩৯৫ টাকা এবং শুক্রবারের অভিযানে ২১৩ জনকে ২ লাখ ১৫ হাজার ৫৪০ টাকা আদায় করা হয়।

সরকারি নির্দেশ অমান্য করে বাইরে বের হওয়ায় গতকাল শনিবারও রাজধানী থেকে ৬২১ জনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের আটটি বিভাগের সমন্বিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। তৃতীয় দিনে ৩৪৬ জনকে ১ লাখ ৬ হাজার ৪৫০ টাকা জরিমানাও করা হয়।

অপরদিকে লকডাউনের তৃতীয় দিনে নিষেধাজ্ঞা অমান্য করায় সারাদেশে ২৭৭ জনকে প্রায় দুই লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব। সারা দেশে ৩১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই অর্থদন্ড প্রদান করেন।

গত ১ জুলাই থেকে সাতদিনের বিধিনিষেধ (লকডাউন) ঘোষণা করা হয়। এসময় জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে বাইরে বের হতে হলে মাস্ক পরে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে চলাফেরার কথাও বলা হয়েছে নির্দেশনায়। তাছাড়া চলমান লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া বন্ধ আছে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত সব অফিস। কঠোর লকডাউন চলবে ৭ জুলাই পর্যন্ত।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ