ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
৫৩ বছরের প্রতীক্ষা শেষে ইউরো কাপ ফের ঘরে তুলল ইতালি। এক লাখি ওয়েম্বলিতে হওয়া টুর্নামেন্টের রুদ্ধশ্বাস ফাইনালে হোম টিম ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে দ্বিতীয় বারের জন্য খেতাব ঘরে তুলল আজুরিরা। এক গোলে পিছিয়ে পড়ার পরও চার বারের বিশ্বজয়ীদের এই প্রত্যাবর্তনে মুগ্ধ হয়েছে ফুটবল দুনিয়া। ২০১৮ সালের বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়া ইতালি আরও একবার নিজেদের প্রমাণ করল ইতালি।
ম্যাচের প্রথম মিনিট থেকেই দুই দলের মধ্যে কড়া সংঘর্ষ শুরু হয়। প্রথমেই আক্রমণে ওঠা ইতালি নিজেদের রক্ষণভাগকে গোছাতে খানিকটা সময় নিয়ে নেয়। সেই সুযোগে ঝড়ের মতো প্রতি আক্রমণে উঠে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন ডিফেন্ডার লুক শ। ম্যাচের ১.৫৭ মিনিটের মাথায় গোল করে ইতিহাস রচনা করেছেন লুক। হয়ে গিয়েছেন ইউরো কাপ ফাইনালের দ্রুততম গোলদাতা।
উল্লেখ্য ১৯৬৮ সালে শেষবার ইউরো কাপ চ্যাম্পিয়ান হয়েছিল ইতালি। ফলে ৫৩ বছর পর দ্বিতীয় ইউরো কাপের ফাইনালে পৌঁছে আরও একবার নিজেদের প্রমাণ করার মঞ্চ পেয়ে গিয়েছিলেন আজুরিরা। অন্যদিকে ১৯৬৬ সালে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। এরপর থেকে ৫৫ বছর কোনও আন্তর্জাতিক ট্রফি জয়ের হাতছানিতে সাড়া দিতে পারেনি ব্রিটিশরা। ১৯৬০ সাল থেকে শুরু হওয়া ইউরো কাপের (একদা ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ) সেমিফাইনালে একাধিকবার ওঠার সুযোগ পেলেও ফাইনালে পৌঁছতে পারেনি ইংল্যান্ড। ট্রফি জয় তো দুরস্ত। তার ওপর গত ইউরো কাপে রাউন্ড অফ সিক্সটিন থেকে ব্রিটিশদের ছিটকে যাওয়াটা সে দেশের ফুটবল প্রেমীদের কাছে ছিল বড় ধাক্কা। ফলে এবারের ইউরো কাপ ইংল্যান্ডের প্রত্যাবর্তন নিয়ে উচ্ছ্বসিত হয়েছিলেন ফুটবল প্রেমীরা। একই সঙ্গে প্রথমবার ইউরো কাপের ফাইনালে পৌঁছেও ইতিহাস রচনা করেন হ্যারি কেন, রাহিম স্টারলিংরা।


























