ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৭ আগষ্ট, ২০১৭ ।

রাষ্ট্রের প্রধান ৩টি স্তম্ভ ধ্বংসের ষড়যন্ত্র শুরু করছে সরকার মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার দেশের রাষ্ট্র ব্যবস্থা নিয়ে ষড়যন্ত্র করছে। ক্ষমতাসীনরা একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে রাষ্ট্রের প্রধান তিনটি স্তম্ভ- শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগকে ধ্বংসের ষড়যন্ত্র করছে।
রায় নিয়ে তুমুল আলোচনা-সমালোচনার মধ্যে বুধবার সন্ধ্যায় সরকার প্রধান শেখ হাসিনা বঙ্গভবনে রাষ্ট্রপ্রধান মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যান। তার সঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও ছিলেন।
এই সাক্ষাৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, “এই সাক্ষাৎ রাষ্ট্রপতির সঙ্গে, নিঃসন্দেহে সমগ্র জাতিকে, সমগ্র মানুষকে উদ্বিগ্ন করে তুলেছে। যেটা হওয়ার কথা নয়, নজিরবিহীন। গতকাল দেখলাম এই সরকারের স্বয়ং প্রধানমন্ত্রী, তিনি আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলকে নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন, মিটিং করেছেন। বিষয় ষোড়শ সংশোধনী রায়।”
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বর্তমানে যে সরকার আছে, তারা বৈধভাবে নির্বাচিত নয়, অনৈতিক তো বটেই। তারা জোর করে ক্ষমতায় বসে আছে। সংসদে নির্বাচিত জনপ্রতিনিধি নেই। ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। শতকরা ৫ ভাগ ভোটও হয়নি। তাই এই সংসদকে জনগণের প্রতিনিধিত্বশীল সংসদ বলতে পারি না।’
মির্জা ফখরুল আরো বলেন, আওয়ামী লীগ যে অবৈধভাবে দীর্ঘ দিন শাসন চালিয়ে আসছে, তার প্রকাশ ঘটেছে এই রায়ের মধ্য দিয়ে। এখানেই আওয়ামী লীগের গাত্রদাহ শুরু হয়েছে। সরকার দেখছে যে তাদের পায়ের নিচে মাটি নেই।