ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৯ আগষ্ট, ২০১৭ ।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় রানা প্লাজার মালিক সোহেল রানাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সম্পদের হিসাব দাখিল না করায় তাকে এ দণ্ড দেয়া হয়। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন আদালত।
ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক কে এম ইমরুল কায়েস মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্র জানায়, রানা প্লাজার মালিক সোহেল রানার নিজের, তার স্ত্রী ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে-বেনামে অর্জিত স্থাবর, অস্থাবর সম্পদ ও দায়দেনার উৎস এবং তা অর্জনের বিস্তারিত বিবরণী চেয়ে ২০১৩ সালের ২২ মে সম্পদ বিবরণী নোটিশ ইস্যু করে দুদক।
এ সংক্রান্ত আইনি জটিলতার নিরসন করে ২০১৫ সালের ০১ এপ্রিল সোহেল রানার নামীয় ইস্যুকৃত সম্পদ বিবরণীর নোটিশ বিশেষ বাহকের মাধ্যমে কাশিমপুর কারাগারে পাঠায় দুদক। ০২ এপ্রিল নোটিশটি সোহেল রানার কাছে পাঠান জেল সুপার। কিন্তু নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করে প্রথমে স্ত্রীর মাধ্যমে সময় বাড়ানোর আবেদন জানিয়েছিলেন রানা।
তদন্ত করে ২০১৬ সালের ১ আগস্ট আদালতে রানার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ২০১৭ সালের ২৩ মার্চ তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।


























