ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৭৭ জনের। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত ২৫ জনের মধ্যে রাজশাহীর ১২ জন, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাবনার ৩ জন করে, নওগাঁর ২ জন এবং কুষ্টিয়া ও যশোর ১ জন মারা গিয়েছেন। মৃতদের মধ্যে সাত জনের করোনা পজিটিভ ছিল। আর ১৪ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এছাড়া নমুনা পরীক্ষায় নেগেটিভ আসলেও চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়েছে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, করোনা ইউনিটে মৃত ২৫ জনের মধ্যে ১৫ জন পুরুষ ও ১০ জন নারী। তাদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাতজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন এবং ষাটোর্ধ্ব নয়জন ছিলেন। এ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চলতি মাসে ২৪৮ জনের মৃত্যু হলো। গত জুনে মারা গেছেন ৪০৫ জন।
তিনি জানান, হাসপাতালে করোনা ও এর উপসর্গ নিয়ে ৪৪ দিনে মোট ৬৩১ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ৪৩০ জনের আর করোনা শনাক্ত হয়েছে ১৪৮ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৪.৪১%।
এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দফায় দফায় ওয়ার্ড ও শয্যা সংখ্যা বাড়ানোর পরেও উপচে পড়ছে রোগীর সংখ্যা। এখানে করোনা ইউনিটে ২০টি আইসিইউসহ শয্যা সংখ্যা রয়েছে ৪৫৪টি এর মধ্যে রোগী ভর্তি রয়েছে ৫০০ জন আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭২ জন।


























