ষ্টাফ রিপোর্টার , জনতারআদালত.কম , ২০ জুলাই, ২০১৭ ।

রাজধানীতে দুই নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল বুধবার রাতে কদমতলী থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতরা হলেন- রাজিব, জামাল, সোহাগ, শামীম ও জাকির।
ওই দুই নারীকে পরিকল্পিতভাবে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত ১৮ জুন কদমতলী থানার নামা শ্যামপুরের ভাড়া বাসায় পারুল নামে গৃহবধূ তারই সহকর্মীদের হাতে ধর্ষণের শিকার হন। এ ঘটনায় পুলিশ রাজিব ও জামালকে গ্রেফতার করে।
অপরদিকে, ১০ জুলাই জুরাইন শিশু কবর সংলগ্ন গনি মিয়ার বাড়ির দোতলার ফ্ল্যাটে ফাতেমা বেগমকে (৩০) ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যায় ঘাতকরা। এ ঘটনায় পুলিশ ফাতেমার সহকর্মী সোহাগ, শামীম ও জাকিরকে গ্রেফতার করে।
কদমতলী থানা পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের আজ আদালতে তোলা হবে। তাদের প্রত্যেককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হবে।


























