ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ০৭ অক্টোবর, ২০১৭ ।

জাতিসংঘের সাধারণ পরিষদের যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার নয়টার দিকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর এক প্রেস ব্রিফিংয়ে রোহিঙ্গা ইস্যু, পদ্মাসেতু ও নিজের চিকিৎসার বিষয়ে কথা বলেছেন আওয়ামী লীগ সভাপতি।
বিপন্ন মানবতাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে বিশ্ব উদার বাংলাদেশকেই দেখল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরা ছিল আমার লক্ষ্য। সেটা আমরা পেরেছি। যারা বাংলাদেশকে দারিদ্র্য ও দুর্যোগের দেশ বলে জানতো, তারা আজ ভিন্ন বাংলাদেশকে দেখছে।
তিনি বলেন, বাংলাদেশ আজ বিপন্ন মানবতাকে আশ্রয় দিচ্ছে। মানুষ মানুষের জন্য, আমরা সেটা প্রমাণ করেছি।
শেখ হাসিনা বলেন, আমরা প্রথমে দ্বিধাগ্রস্ত থাকলেও রোহিঙ্গাদের নির্যাতনের মাত্রা দেখে তাদের জন্য বাংলাদেশের দরজা খুলে দিয়েছি।
প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার এখন আন্তর্জাতিক চাপে আলোচনায় এসেছে। আমরা আশা করছি, রোহিঙ্গা সংকটের সমাধান করতে পারবো।
সীমান্তে মিয়ানমার সামরিক বাহিনীর তৎপরতা বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশিদের আচরণ দেখে মনে হচ্ছিল যে, তারা যুদ্ধ চায়। কিন্তু আমরা সতর্ক ছিলাম। কোনো ধরনের উস্কানিতে আমরা পা দেইনি।
পদ্মাসেতু দৃশ্যমান হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘পদ্মাসেতু নিজেদের অর্থায়নে করার ঘোষণার পর সাধারণ মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। সবার সহযোগিতায় এটা সম্ভব হয়েছে।’
শেখ হাসিনা বলেন, যা কিছু অর্জন এদেশের মানুষের অবদান এবং তাদের কল্যাণে, সমর্থনে ও দোয়ায়।
জাতিসংঘের ৭২তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্যে তিন সপ্তাহের সফর শেষে শনিবার সকালে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আওয়ামী লীগ ও ১৪ দলের কেন্দ্রীয় নেতা, মন্ত্রিপরিষদ সদস্য ও দেশবরেণ্য ব্যক্তিরা।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী গণভবনের উদ্দেশ্য রওয়ানা হন। এই যাত্রাপথে রাস্তার দু’ধারে দাঁড়িয়ে সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ ফুল ও বাদ্যযন্ত্র, রঙবেরঙের ব্যানার-ফেস্টুন ও পোস্টার এবং জাতীয় পতাকা হাতে অভিনন্দন জানাচ্ছেন।


























