spot_img

ময়মনসিংহে ভাতিজিকে ধর্ষণের পর হত্যার দায়ে চাচার ফাঁসি

মাহমুদুল হাসান রতন, ময়মনসিংহ, জনতারআদালত.কম । ৫ নভেম্বর, ২০১৭ ।

সাড়ে ৬ বছরের ভাতিজীকে ধর্ষণের পর হত্যার দায়ে চাচাকে ফাঁসির আদেশ দিয়েছে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানারও আদেশ দেয়া হয়েছে। রবিবার (৫ নভেম্বর ) দুপুর ২ টার দিকে ট্রাইব্যুনালের বিচারক মোঃ হেলাল উদ্দিন এ রায় দেন।

২০১৫ সালের ২৩ জানুয়ারি সদর উপজেলার সরকারি গুচ্ছগ্রামের সিরাজ মিয়ার সাড়ে ৬ বছরের মেয়ে সুমাইয়াইকে ধর্ষণের পর হত্যা করেন সৎ চাচা সাইফুল।

মামলার বিবরণে জানা যায়, ঘটনার দিন সুমাইয়াকে বাড়িতে একা রেখে মা মর্জিনা খাতুন শহরতলীর একটি মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। বাবা সিরাজ মিয়া জীবিকার তাগিদে শহরে শ্রমিকের কাজে বের হয়েছিলেন। মা নিজেও শহরে বাসা বাড়িতে ঝি এর কাজ করেন।

ওইদিন সুমাইয়াকে বাড়িতে একা পেয়ে বিকেল ৪ টার দিকে ঘরে ডেকে জোর পূর্বক ধর্ষণ করেন চাচা সাইফুল ইসলাম। তবে ধর্ষণের ঘটনাটি জানাজানির ভয়ে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে সুমাইয়াকে হত্যা করা হয়। পরে ধামাচাপা দেয়ার জন্য শিশুটির মরদেহ ঘরের ভেতর থাকা বাঁশের একটি ধর্নার উপর ঝুলিয়ে রাখেন সাইফুল। মা মর্জিনা বাড়িতে ফিরে মেয়ের মরদেহ দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে সুমাইয়ার মরদেহটি মাটিতে নামায়। ঘটনার পর চাচা সাইফুলের কথাবার্তা সন্দেহজনক মনে হলে তাকে পুলিশে দেয় জনতা। এই ঘটনায় পরে সুমাইয়ার বাবা মামলা দায়ের করেন।

মামলার দীর্ঘ শুনানি শেষে রবিবার আদালত রায় ঘোষণা করেন। এ সময় আসামি সাইফুল আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে মামলার শুনানি করেন এড. কবীর উদ্দিন ভূঁইয়া। আসাপিপক্ষে ছিলেন বাবু বিশ্বনাথ পাল।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ