ময়মনসিংহ ব্যুরো , জনতারআদালত.কম । ২৬ সেপ্টেম্বর, ২০১৭ ।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ঘোষপালা নয়াপাড়া গ্রামে গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ভোর রাতে পিতা মাওলানা আবুল হাসেমের হাতে তারই যুবতী কন্যা তানজুরুন ওরফে তানজিনা (১৮) খুন হয়।
এ ঘটনায় মেয়েটির বাবা আবুল হাসেমকে গ্রেপ্তার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ভোর রাতে চণ্ডীপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামের আবুল হাসেম তার নিজের মেয়ে তানজিনাকে উচ্ছৃঙ্খলতা এবং চণ্ডীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এমদাদুল হক ভুইয়ার বাড়ি থেকে ১৩ হাজার টাকা চুরির ঘটনায় শাসন করতে গিয়ে এক পর্যায়ে লাঠি দিয়ে তানজিনার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
এ ব্যাপারে একই গ্রামের বাসিন্দা নান্দাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি‘র সাথে কথা বললে তিনি বলেন, মেয়েটি পরিবারের অবাধ্য হয়ে বেপরোয়া ভাবে চলাফেরা করলে শাসন করতে গিয়ে এরকম একটি অনাকাংকিত ঘটনাটি ঘটে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ সরদার মোঃ ইউনুস আলী খুনের ঘটনার কথা স্বীকার করে জানান,এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে ।


























