ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৪ সেপ্টেম্বর, ২০১৭ ।

মিরপুর টেস্টেই দুই ইনিংসেই দুর্দান্ত ফিফটি করেছিলেন তামিম ইকবাল। কিন্তু চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে সুবিধা করতে পারেননি তিনি। সোমবার টেস্টের প্রথম দিনের শুরুতেই সাজঘরে ফেরেন তামিম। সেই ধাক্কা সামলে ওঠার আগেই ইমরুল কায়েস ফিরে গেলে চাপ বেড়ে যায় টাইগারদের ওপর। সৌম্য সরকার আর মুমিনুল হকের জুটিতে সেই ধাক্কা যখন প্রায় সামলে উঠেছে স্বাগতিকরা, তখনই সৌম্যের আউটে ফের ধাক্কা।
তামিম-ইমরুলের দ্রুত বিদায়ের পর ৪৯ রানের জুটি গড়েন দুজন। লাঞ্চের আগমুহূর্তে ৮১ বলে ২ চার এবং ১ ছক্কায় ৩৩ রান করে নাথান লায়নের তৃতীয় শিকার হন সৌম্য। ৩ উইকেটে ৭০ রান নিয়ে লাঞ্চে যায় বাংলাদেশ। ২৪ রানে অপরাজিত আছেন মুমিনুল হক।
টানা তিন ইনিংসে ব্যর্থতার পরিচয় দিয়ে ৪ রান করে সেই লায়নের বলে এলবিডাব্লিউ ইমরুল। যদিও ইমরুলকে ফেরাতে রিভিউ নিতে হয়েছে অজিদের।
বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন এসেছে। শফিউল ইসলামের বদলি হিসেবে একাদশে ফিরেছেন মুমিনুল হক।
অন্যদিকে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। উসমান খাজ ও জস হ্যাজলউডের বদলি হিসেবে একাদশে ফিরেছেন হিলটন কার্টরাইট ও স্টিভ ও’কিফ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসির হোসেন ও মোস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, স্টিভেন স্মিথ, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, হিলটন কার্টরাইট, ম্যাথু ওয়েড, অ্যাস্টন অ্যাগার, স্টিভ ও’কিফ, প্যাট কামিন্স ও নাথায় লায়ন।


























