ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় একটি তিন তলা ভবনে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত শিশুসহ ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। ৪০-৫০ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তবে বিস্ফোরণটি কোনো গাড়ির সিলিন্ডার নাকি ভবনের এসির- তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস এলাকায় একটি ভবনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, আমরা একটি এসি বিস্ফোরণ হওয়ার সংবাদ পেয়েছি। কেউ কেউ আবার ফোন করে বলেছেন, গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস ছাড়াও ঘটনাস্থলে উপস্থিত হয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিটসহ পুলিশের বেশ কয়েকটি টিম।

রমনা থানার ডিউটি অফিসার এসআই আবুল খায়ের বলেন, সেখানে ট্রান্সমিটার বিস্ফোরণ হয়েছে বলে শুনেছি। এখনো নিশ্চিত হতে পারছি না। পুলিশের বেশ কয়েকটি টিম সেখানে আছে।
তবে, স্থানীয়দের কেউ জানান ভবনে থাকা এসির বিস্ফোরণ ঘটেছে, আবার কেউ জানান বৈদ্যুতিক ট্রান্সমিটার বিস্ফোরিত হয়েছে। অনেকেই আবার জানান বাসে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে।
বিস্ফোরণে পথচারী, গাড়িতে থাকা অনেকেই আহত হয়েছেন। গাড়ির বিস্ফোরণের শব্দে সড়কে থাকা গাড়ির গ্লাস ভেঙে উড়ে গেছে। ভবনটিতে একটি মিষ্টির দোকানসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি রমনা থানা পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে। এছাড়াও পথচারীরা আহতদের হাসপাতালে নিয়েছে।

কমিউনিটি হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার অমিত পাল জানান, তারা ৫০ জনকে চিকিৎসা দিয়েছেন। এর মধ্যে একজন শিশু ও পুরুষ মারা গেছেন। অনেককেই ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। অধিকাংশের হেড ইঞ্জুরি। তবে কয়েক জনের থার্ড ডিগ্রি বার্ন রয়েছে।
ঘটনায় আহতদের মধ্যে অন্তত ৩০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন সৈয়দ ইকবাল হোসেন, শাহ আলম, কালু, কামাল হোসেন, লাকি বেগম, তার মা সালেহা, ছেলে সৈকত ও নিহিত, মাসুদ, শহীদ, সেন্টুসহ অজ্ঞাত আরও কয়েকজন।
এদিকে স্থানীয়রা জানান, বিস্ফোরণের পর আড়ংসহ আশ-পাশের ভবন কেপে উঠে। বেশ কয়েকটি ভবনের সব গ্লাস ভেঙে গেছে। এ সময় একটি বাসে আগুন ধরে যায়। ভবন থেকে মানুষ ভয়ে রাস্তায় নেমে আসে।


























