spot_img

ভারতে অক্সিজেনের অভাবে হাসপাতালে ৪৮ ঘণ্টায় ৩০ শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১২ আগষ্ট, ২০১৭ ।

 

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের গোরক্ষপুরের বাবা রাঘবদাস মেডিক্যাল কলেজ হাসপাতালে (বিআরডি) হাসপাতালে গতকাল অক্সিজেনের অভাবে ৩০টি শিশুর মৃত্যু হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে তাদের মৃত্যু হয়। অক্সিজেনের সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় শিশুগুলোর মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তিনটি ওয়ার্ড মিলিয়ে মৃত ওই ৩০টি শিশুই এনসেফ্যালাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল বলে স্থানীয় সূত্রের খবর।

অক্সিজেন সিলিন্ডার সরবরাহকারী বেসরকারি সংস্থাটির দাবি, ৭০ লক্ষ টাকার মধ্যে সিলিন্ডার কিনে মাত্র ৩৫ হাজার টাকা মিটিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বাকি টাকার জন্য বারবার তাগাদা দেওয়া হলেও টাকা মেটাচ্ছিল না হাসপাতাল। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠিও দেয় ওই সংস্থা। তাদের দাবি, চিঠিতে তারা স্পষ্ট জানিয়েছে, ওই বকেয়া টাকা না মেটালে তাদের তরফে অক্সিজেন সরবরাহ করে যাওয়া সম্ভব নয়। নির্দিষ্ট সময়ের মধ্যে ওই টাকা না মেটালে সরবরাহ বন্ধ করতে তারা বাধ্য হবেন বলেও হাসপাতালকে জানানো হয়েছিল।

জেলাশাসক রাজীব রাউতেলা এ দিন সাংবাদিক বৈঠক করে জানান, বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ২৩টি শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত মৃত্যু হয়েছে আরও ৭টি শিশুর। তিনি বলেন, ‘‘টাকা বাকি থাকায় সরবরাহকারী সংস্থা অক্সিজেন বন্ধ করে দেয় বলে ওই হাসপাতালই আমাদের জানায়। তবে অক্সিজেনের অভাবে শিশুমৃত্যু হয়নি বলেই দাবি হাসপাতালের। চিকিৎসকেরা জানান, তখনকার মতো অন্য জেলা থেকে অক্সিজেন সিলিন্ডার এনে পরিস্থিতি সামলানো হয়েছে।’’

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ