spot_img

ভারতের সঙ্গে ৪৫০ কোটি ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ০৪ অক্টোবর, ২০১৭ ।

ভারতের সঙ্গে সাড়ে ৪ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ৩৬ হাজার কোটি টাকার চুক্তি সই করল বাংলাদেশ।

আজ বুধবার সকালে মন্ত্রণালয়ে বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলির উপস্থিতিতে এই ঋণচুক্তি সই হয়।

বাংলাদেশ-ভারতের অর্থমন্ত্রীর উপস্থিতিতে এ সময় দুই দেশের মধ্যে চুক্তি সংক্রান্ত যৌথ ইন্টারপ্রেটিভ নোট স্বাক্ষরিত হয়। গত এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে বাংলাদেশের জন্য ৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের ভারতীয় ক্রেডিট লাইনের ঘোষণা দেওয়া হয়। এ নিয়ে গত ছয় বছরে বাংলাদেশকে ভারতের দেওয়া সর্বমোট ক্রেডিট লাইনের পরিমাণ দাঁড়াবে আট বিলিয়ন মার্কিন ডলার।

এর আগে সকাল ১০টায় সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। সকাল ৭টায় তিনি ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান।

বুধবার ভারতের অর্থমন্ত্রী জেটলি বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে সঙ্গে নিয়ে ভারতীয় হাইকমিশনের পক্ষে ভারতীয় স্টেট ব্যাংক পরিচালিত ভিসা সার্ভিসে নগদ অর্থ ছাড়া লেনদেনের নতুন প্রকল্পের যৌথভাবে উদ্বোধন করবেন।

উল্লেখ্য, মঙ্গলবার তিন দিনের সফরে ঢাকা পৌঁছান ভারতের অর্থমন্ত্রী। বিকাল ৩টায় ভারতের একটি বিশেষ বিমানে ঢাকার কুর্মিটোলায় বিমানবাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুতে পৌঁছান তিনি। তাকে স্বাগত জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

পরে বিমানবন্দর থেকে অরুণ জেটলিকে সোনারগাঁও হোটেলে নিয়ে যাওয়া হয়। সফরকালে তিনি এ হোটেলেই অবস্থান করছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ