ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ০৪ অক্টোবর, ২০১৭ ।

কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সোহাগ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত সোহাগ ডাকাত দলের সদস্য।
‘বন্দুকযুদ্ধে’ পুলিশের দুই সদস্য আহত হওয়ার কথা জানিয়েছে পুলিশ। তারা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
ভৈরব থানার ওসি মোখলেসুর রহমান জানান, ডাকাত সোহাগকে মঙ্গলবার গ্রেফতার করা হয়। এর পর রাতে তাকে নিয়ে মেঘনা পাড়ের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু এলাকায় অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে সোহাগের সহযোগীরা। এতে সোহাগসহ পুলিশ সদস্যরা আহত হন। সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে দুটি রামদা, একটি ছুরি, একটি চাপাতি, একটি পাইপগান ও একটি গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের এএসআই হাবিবুল্লাহ ও কনস্টেবল আবদুল ওয়াহাব। তাদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


























