spot_img

বোলিং নৈপুণ্যে ঢাকার বিপক্ষে রংপুরের জয়

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২১ নভেম্বর, ২০১৭ ।

বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে রোমাঞ্চকর এক জয়ের স্বাদ পেলো রংপুর রাইডার্স। টুর্নামেন্টের ২৪তম ম্যাচে রংপুর মাত্র ৩ রানে হারিয়ে দিয়েছে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইসকে। ৬ খেলায় ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানেই থাকলো মাশরাফির রংপুর। ৮ খেলায় ৪ জয়ে ৯ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানেই থাকলো সাকিবের ঢাকা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং-এ নেমে গেইল ঝড়ে শুরুটা ভালোই করেছিলেন রংপুর। উদ্বোধনী জুটিতে ২৫ বলে ৩৬ রান পায় রংপুর। দলের বিদেশী খেলোয়াড় নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ৮ বলে মাত্র ৬ রানে ফিরলেও, টানা দ্বিতীয় হাফ-সেঞ্চুরি তুলে ৫১ রানে থামেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ৭ রানে জীবন পাওয়া গেইলের ২৮ বলের ইনিংসে ছিলো ৫টি চার ও ৪টি ছক্কা।

গেইল ফিরে যাবার সময় দলের রান রেট ছিলো ১০-এর কিছুটা বেশি। কিন্তু পরের দিকের ব্যাটসম্যানরা বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতে না পারায় ১ বল বাকী থাকতে ১৪২ রানেই গুটিয়ে যায় রংপুর। মোহাম্মদ মিথুন ২২, মাশরাফি বিন মর্তুজা ১১ বলে ১৫ ও শ্রীলংকার থিসারা পেরেরা ৯ বলে ১৫ রান করেন। ঢাকার পক্ষে অধিনায়ক সাকিব আল হাসান ১৬ রানে ৫ উইকেট নেন। ইনিংসে শেষ ওভারে ৩ উইকেট নেন তিনি।

জয়ের জন্য ১৪৩ রানের টার্গেট ব্যাটসম্যানদের ছোট ছোট ইনিংসে জয়ের পথেই ছিলো ঢাকা। কারন জহিরুল ইসলামের ১৯ বলে ২৯, ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইসের ২৫ বলে ২৮, পাকিস্তানের শহিদ আফ্রিদির ১৫ বলে ২১, মেহেদি মারুফের ১৫ ও সাকিবের ১১ রানে ম্যাচে ভালোভাবেই টিকে ছিলো ঢাকা।

কিন্তু শেষদিকে রংপুরের বোলারদের দুর্দান্ত বোলিং নেপুন্যে ১৩৯ রানেই গুটিয়ে যায় ঢাকা। রংপুরের পক্ষে মাশরাফি, সোহাগ, রুবেল ও পেরেরা ২টি করে উইকেট নেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ